বড়লেখায় হামলায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণভাগ এনসিএম উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ওপর গতকাল বুধবার হামলা হয়েছে। প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ায় এলাকাবাসী তাঁর ওপর হামলা চালিয়েছে। এতে ওই শিক্ষক আহত হয়েছেন।
বিদ্যালয়ের শিক্ষক, নিয়োগ কমিটির একাধিক সদস্য ও পুলিশ সূত্রে জানা গেছে, ২৪ সেপ্টেম্বর বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী গ্রন্থাগারিকের শূন্য পদে নিয়োগের জন্য পরীক্ষা হয়। পরীক্ষায় প্রধান শিক্ষক পদে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীদুল ইসলামসহ আটজন অংশ নেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় জুড়ী উপজেলার হাজী ইনজাদ আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুক আহমদ প্রথম স্থান অর্জন করেন। পরীক্ষা শেষে নিয়োগ কমিটি নিয়োগ-সংক্রান্ত সব কাগজপত্র বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক আকবর আলীকে বুঝিয়ে দেন।
গত মঙ্গলবার দুপুরের দিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল মুকিত ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীদুল ইসলাম শিক্ষক আকবর আলীকে ডেকে তাঁর কার্যালয়ে নিয়ে যান। কিছু সময় পর শাহীদুল নিয়োগ পরীক্ষার ফলাফলের শিট জোর করে ছিনিয়ে নিয়ে চলে যান। এ ব্যাপারে আকবর গতকাল বড়লেখা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে বেলা দুইটার দিকে বড়লেখা থানার এসআই জাহাঙ্গীর আলম বিষয়টি তদন্তে বিদ্যালয়ে যান।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, পুলিশ পৌঁছানোর পর এলাকার ৭০০-৮০০ লোক বিদ্যালয়ের ফটকের সামনে অবস্থান নেন। এ সময় তাঁরা শাহীদুলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে লোকজন ভেতরে ঢুকে শাহীদুলের কক্ষে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এতে তাঁর মাথা ফেটে যায়। পরে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ব্যাপারে জানতে শাহীদুল ইসলাম ও আবদুল মুকিতের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তাঁরা ফোন ধরেননি।
এ বিষয়ে বড়লেখা থানার ওসি প্রথম আলোকে বলেন, প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার জের ধরে এলাকার লোকজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীদুল ইসলামের ওপর হামলা চালিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ দেয়নি।