টাঙ্গাইলের সখীপুরে কৃষি ব্যাংকের নৈশপ্রহরী আবু সাঈদ হত্যার রহস্য উদ্ঘাটিত হয়েছে। দুই আসামি নজরুল ইসলাম ও পিটার সুজন গ্রেপ্তারের পর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দেওয়া জবানবন্দিতে খুনের কথা স্বীকার করেছেন। খুনের নেপথ্য কারণ হিসেবে তাঁরা বলেন, ‘দর্জিশ্রমিকের কাজ করে অভাব দূর হয় না। তাই ব্যাংক লুট করে বড়লোক হওয়ার স্বপ্ন দেখেছিলাম। আর এ স্বপ্ন থেকেই ব্যাংকের প্রহরী আবু সাঈদকে খুন করি।’ হত্যার এক মাস পর পুলিশ রহস্য উদ্ঘাটনে সক্ষম হয়েছে। গত বুধবার রাতে পুলিশ ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে নজরুল ইসলামকে ও মুক্তাগাছা থেকে পিটার সুজনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার টাঙ্গাইল আদালতে পাঠায়। নজরুলের বাড়ি ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুর গ্রামে। পিটার সুজনের বাড়ি একই উপজেলার পাহাড় অনন্তপুর গ্রামে। উভয়েই টাঙ্গাইলের সখীপুরে বিভিন্ন সময়ে বিভিন্ন টেইলারিং শপে সেলাইশ্রমিকের কাজ করতেন।