বড়লোকেরা মামলা করেননা, তাঁরা ম্যানেজ করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্র্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম বলেছেন, সমাজ ও মানুষের কাছে বিচারক ও আইনজীবীদের দায়বদ্ধতা অনেক বেশি। মনে রাখতে হবে, বড়লোকেরা মামলা করেন না, তাঁরা ম্যানেজ করেন। কিন্তু দরিদ্রেরা তা পারেন না বলে মানবেতর জীবন যাপন করেন। তাঁদের প্রতি দায়বদ্ধতা থেকেই বিচার-কার্যক্রম তরান্বিত করতে হবে, যাতে দরিদ্র ও অসহায় মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন।গত বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি আয়োজিত এক সভায় প্রধান বিচারপতি এসব কথা বলেন। তিনি বলেন, ‘একসময় দেশ চালাতেন আইনজীবীরা, আর এখন দেশ চালান ব্যবসায়ীরা। কারণ, এখন একজন ভালো আইনজীবী পাওয়া দুষ্কর। এটা আমাদের জন্য বড় লজ্জার।’জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিয়া মো. ফেরদৌস সভায় সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন। তিনি দেওয়ানি ও ফৌজদারি আদালতে বিচারক স্বল্পতার বিষয়টি উল্লেখ করে দ্রুত মামলা নিষ্পত্তির স্বার্থে বিচারক বাড়ানোর দাবি জানান।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার আশরাফুল ইসলাম, জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান ও কিশোরগঞ্জের মুখ্য বিচারিক হাকিম নিলুফার সুলতানা।এদিকে গতকাল শুক্রবার প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমকে সংবর্ধনা দিয়েছে নরসিংদী জেলা আইনজীবী সমিতি। সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান বিচারপতি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচারক ও আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি বিচারপ্রার্থীরা যাতে অহেতুক হয়রানির শিকার না হন, সেদিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মামুনুর রশিদ। অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অমৃত বাড়ৈ, পুলিশ সুপার আক্কাস উদ্দিন ভূঁইয়া, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম, জেলা ও দায়রা জজ মো. শাহজাহান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ কে এম আবুল কাশেম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মনসুরুল ইসলাম প্রমুখ।