বড়শি দিয়ে মাছ শিকার উৎসব

ভোরের আলো ফুটতে না ফুটতেই মত্স্য শিকারিরা জড়ো হয়েছেন কুমিল্লা নগরের ঐতিহ্যবাহী ধর্মসাগরের পাড়ে। তাঁদের কারও হাতে বড়শি, আবার কারও হাতে মাছের খাবার। কেউ কেউ আবার মোড়া ও মাছ রাখার জাল নিয়ে এসেছেন। গতকাল শনিবার সকাল ছয়টা থেকে ধর্মসাগরের তিন পাড়ে মাছ ধরার উত্সবে মেতে ওঠেন কয়েক শ মত্স্য শিকারি। সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা চলে মাছ শিকার।
এই মাছ ধরার উৎসবে বড়শিতে ধরা পড়ে রুই, কাতল, ব্রিগেড, মৃগেল, তেলাপিয়া, কালবাউশ, পাঙাশসহ দেশি প্রজাতির মাছ। নগরের ধর্মসাগরপাড়ে উত্সবকে কেন্দ্র করে যেন এক মিলনমেলা হয়। আয়োজকেরা জানান, গতকাল থেকে শুরু হওয়া এ মাছ ধরার উত্সব আগামী অক্টোবর মাস পর্যন্ত চলবে।
সরেজমিনে দেখা যায়, ধর্মসাগরের তিন পাড়ে বাঁশ ও কাঠের গুঁড়ি দিয়ে ১০১টি মাচা করা হয়েছে। প্রতিটি মাচায় সর্বনিম্ন পাঁচজন থেকে সর্বোচ্চ আটজন পর্যন্ত মাছ ধরতে বসেছেন। প্রতি মাচার ফি ১৫ হাজার টাকা করে। ৮৫টি মাচায় অন্তত ৫০০ মত্স্য শিকারি অংশ নেন। ধর্মসাগরের পশ্চিম পাড়, রানীরকুঠিরের লাগোয়া উত্তর পাড় এবং কুমিল্লা জিলা স্কুলের লাগোয়া পূর্ব পাড় ঘুরে নানা বয়সী মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্ষা মৌসুমে পানি বেশি থাকায় মাছ তেমন ধরা পড়েনি। মাছেরা এতে মাঝখানে ছোটাছুটি করায় তীরের দিকে কম এসেছে।
অন্তত পাঁচজন মত্স্য শিকারি নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, যে আশা নিয়ে তাঁরা মাছ শিকারে এসেছিলেন, তা পূরণ হয়নি। কম মাছ ধরা পড়েছে। খরচ ওঠেনি। তবে আনন্দ হয়েছে।
কুমিল্লা নগরের হোটেল ব্যবসায়ী ও মত্স্য শিকারি আবদুল মুকিত বলেন, ‘মাঝারি ও ছোট আকৃতির মাছের সংখ্যা বেশি। কেবল একজন আট কেজি ওজনের ব্রিগেড পেয়েছেন বলে শুনেছি।’
কুমিল্লা জেলা অ্যাংনিং ক্লাবের (মাছ ধরার সংগঠন) অন্যতম আয়োজক সাজেদুর রহমান বলেন, নৈসর্গিক ও মনোলোভা পরিবেশে মাছ শিকারের আনন্দ পেতে এ আয়োজন করা হয়েছে। আগামী অক্টোবর মাস পর্যন্ত বিভিন্ন সময়ে এ প্রতিযোগিতা চলবে। তবে এতে নয় ইঞ্চির নিচে পোনা মাছ ধরা নিষেধ।