বড়শিতে ধরা পড়ল ২৮ কেজির কাতল

ফরিদপুরে পদ্মা নদীতে ধরা পড়েছে ২৮ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ফরিদপুর সদরের ডিক্রির চর ইউনিয়নের সিঅ্যান্ডবি ঘাট-সংলগ্ন নদী থেকে মাছটি ধরা হয়।
মাছটি ধরেছেন শহরের ঝিলটুলীর বাসিন্দা শৌখিন মাছশিকারি আসলাম শেখ (৪২)। বড়শিতে মাছটি ওঠার সঙ্গে সঙ্গে আশপাশ থেকে উৎসুক মানুষ ছুটে আসেন পদ্মা নদীর পাড়ে।
‘এটি আমার সবচেয়ে বড় শিকার’ বলে মন্তব্য করেন আসলাম শেখ। তিনি বলেন, প্রতিদিনই তিনি শখের বসে পদ্মা নদীসহ বিভিন্ন জায়গায় বড়শি দিয়ে মাছ ধরতে যান। গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে পাঁচটি হুইল-বড়শি নিয়ে তিনি ফরিদপুর সদর উপজেলার ডিক্রির চর ইউনিয়নের সিঅ্যান্ডবি ঘাট-সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে মাছ ধরতে বসেন। চারজন প্রত্যক্ষদর্শী বলেন, সকাল নয়টার দিকে আসলামের একটি বড়শিতে বেশ জোরে টান লাগে। এরপর তিনি দু-তিনজনকে ডেকে আনেন। অনেকক্ষণ চেষ্টা চালিয়ে মাছটি পাড়ে তোলেন।
আসলামের ভাগনে কাজী নূরুল ইসলাম কাতলটি নিয়ে ফরিদপুর প্রেসক্লাবে আসেন। তিনি বলেন, মাছটি বিক্রি করবেন না। আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবকে নিয়ে একসঙ্গে খাবেন।