বড়াইগ্রামে জমি দখলের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রামের গড়মাটি কলোনি গ্রামে এক ব্যক্তির জমি জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গড়মাটি কলোনি গ্রামের সালাহ উদ্দিন বিশ্বাসের বাবা ও দুই চাচা ১৯৮৩ সালে গড়মাটি রানীবাড়ি মৌজার ৫৫৩৮ ও ৫৫৩৯ দাগের সাড়ে ৩৬ শতাংশ জমি কেনেন। পরে ২০০৭ সালে সালাহ্ উদ্দিন দাগের বাকি সাড়ে ৭ শতাংশ জমি কিনে নেন। ২৫ এপ্রিল একই গ্রামের শাহাবুদ্দিন মণ্ডল, তাঁর ভাই নজরুল ইসলাম ও তাঁদের ছেলেরা দা-কুড়াল নিয়ে সালাহ্উদ্দিনের ৩ শতাংশ জমি দখল করে নেন। এ সময় তাঁরা জমির গাছগুলো কেটে ফেলেন এবং জায়গাটিতে টিন দিয়ে ঘেরাও দেন। সালাহ্ উদ্দিনের ভাই লিটন বিশ্বাস ও দুই চাচা বাধা দিতে গেলে তাঁদের হত্যার চেষ্টাও করা হয়।

গোপালপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের নায়েব সাহাদত হোসেন বলেন, ‘শাহাবুদ্দিন মণ্ডলের দলিলটি সন্দেহজনক। এ ছাড়া দলিলটিও নামজারি করা হয়নি।’

শাহাবুদ্দিন মণ্ডল বলেন, ‘আমার জমি আমি দখল করেছি। আদালত কাগজপত্র দেখে বিচার করবেন। আমি একজন সাবেক সেনাসদস্য। আমি কাউকে হুমকি দিইনি।’