বড়াইগ্রামে জমি নিয়ে সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গতকাল শুক্রবার জমিজমা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর নতুন বাজার এলাকায় আনা মুন্সির স্ত্রী জরুফা বেগম তাঁর ১৮ শতাংশ জমি তিন ছেলের নামে লিখে দেন। অপর ছেলে নূরু মুন্সিকে জমি না দেওয়ায় ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে গতকাল ভোরে বড় ভাই আবুল খায়ের ওরফে আবু মুন্সিকে (৬০) মারধর করেন নূরু। সকাল সাড়ে আটটার দিকে আবুর বড় ভাই রুহুল আমিন (৬৫) ও স্ত্রী-সন্তানেরা নূরুর কাছে গিয়ে মারপিটের কারণ জানতে চাইলে বাগিবতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে নূরু মুন্সি, তাঁর ছেলে শরীফ, সুমন ও সুজন ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আবুর স্ত্রী আনোয়ারা বেগম (৫৫) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন আবু। আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে রুহুল আমিন, তাঁর মেয়ে রানু (২৮) ও ছেলে মিজানকে (২২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং নূরু ও তাঁর স্ত্রী রোকেয়া বেগমকে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোকেয়াকে আটক করে পুলিশ। এ সময় নূরু পালিয়ে যান। খবর পেয়ে নাটোরের পুলিশ সুপার নাহিদ হোসেনসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। উদ্ধার করে রক্তমাখা দেশীয় অস্ত্র একটি ফালা ও একটি ছোরা।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্ত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’