বড়াইগ্রামে র্যাব পরিচয়ে ছয় বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মামুদপুর ও চকপাড়া গ্রামে র‌্যাব পরিচয়ে ছয় বাড়িতে ডাকাতি করেছে সংঘবদ্ধ দুর্বৃত্তরা। গত মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা জানান, মঙ্গলবার ভোরের দিকে র‌্যাবের জ্যাকেট পরা ১০-১২ জন অস্ত্রধারী চকপাড়া গ্রামের ভোলা খাঁর ছেলে লতিফের বাড়িতে গিয়ে র‌্যাব পরিচয় দিয়ে বাড়িতে আসামি আছে বলে জানায়। দরজা খুলে দিলে ডাকাতেরা ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবার হাত-পা বেঁধে ফেলে নগদ ৫০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণ লুট করে। পরে তার ভাই ব্যবসায়ী আদমের বাড়ি থেকে নগদ ৩০ হাজার টাকা এবং বিদ্যুতের বাড়ি থেকে দুটি মুঠোফোন সেট লুট করে। পরে ডাকাতেরা পাশের মামুদপুর গ্রামের আতোয়ার রহমানের ছেলে নুরুল হুদার বাড়ি থেকে একই কায়দায় ৫১ হাজার টাকা ও চার ভরি স্বর্ণ, তাঁর ভাই নিজামউদ্দিনের বাড়ি থেকে সাড়ে চার ভরি ও কামাল হোসেনের বাড়ি থেকে দেড় ভরি স্বর্ণ লুট করে।