বড়াইগ্রামে স্বামীর সামনে স্ত্রীকে জবাই করে হত্যা
নাটোরের বড়াইগ্রাম উপজেলার গারফা গ্রামে গত বৃহস্পতিবার রাতে স্বামীর সামনে স্ত্রীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম হাসিনা বেগম। তাঁর স্বামী হযরত আলীও গুরুতর জখম হয়েছেন। এ ব্যাপারে নিহত হাসিনার ভাই শহিদুল ইসলাম গতকাল বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা করেছেন।মামলার এজাহার সূত্রে জানা গেছে, গারফা গ্রামের কৃষক হযরত আলীর বাড়িতে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে সাত-আটজন অস্ত্রধারী সন্ত্রাসী চড়াও হয়। তারা হযরত আলীর দুই জমজ ছেলে হাবিবুল ইসলাম ও ফিরোজ আহম্মেদকে খোঁজাখুঁজি করে। তাঁদের না পেয়ে হযরত আলীর সামনেই তাঁর স্ত্রী হাসিনা বেগমকে (৪২) ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। পরে হযরত আলীকে জবাই করা শুরু করলে তিনি জানান, তাঁর দুই ছেলে চাচা ওমর আলীর বাড়িতে আছে। এ সময় সন্ত্রাসীরা তাঁকে ফেলে একই গ্রামের ওমর আলীর বাড়ির দিকে ছুটে যায়। প্রতিবেশীরা রাতেই হযরত আলীকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে গতকাল সকালে তাঁকে নাটোর আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।সহকারী পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) আমিনুল ইসলাম এবং বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি। এলাকাবাসী জানিয়েছে, জমজ দুই ভাইয়ের সন্ধান পাওয়া গেলে এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হতে পারে।ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত হাসিনার লাশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।