বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার রেজুর মোড় এলাকায় গতকাল শনিবার ভটভটি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। একই দিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের রসুলপুর মোড়ে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপারসহ নয় পুলিশ সদস্য আহত হয়েছেন।
বড়াইগ্রামে নিহত ব্যক্তির নাম আবদুল আজিজ মণ্ডল (৪০)। তাঁর বাড়ি গুরুদাসপুর উপজেলার ধারাবরিষা ইউনিয়নের ধারাবরিষা গ্রামে। তিনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
শিবগঞ্জে আহত ব্যক্তিরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল জলিল, এসআই আলমগীর (৩৯) ও মো. সোহেল (৪০), এএসআই গোলাম মোস্তফা (৩৮), কনস্টেবল সেলিম মিয়া (৩৩), আবদুল জলিল (৪২), মো. রাসেল (৩২), মো. রাশেদ (৩০) ও চালক মো. শাহীন (২৭) আহত হন। শাহীন ও গোলাম মোস্তফাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানার এসআই আশরাফ আলী বলেন, আবদুল আজিজ মণ্ডল সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা থেকে ভটভটিতে করে মাছ নিয়ে আসছিলেন। পথে রেজুর মোড় এলাকায় ফিডার রোডে একটি সিএনজির সঙ্গে ভটভটিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভটভটিটি পাশের খাদে উল্টে যায়। এ সময় আবদুল আজিজ গুরুতর আহত হন। স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ভটভটির চালক আছলাম সেখ (৩২) সামান্য আহত হন। তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি হামিদুর রশীদ বলেন, শিবগঞ্জ সীমান্ত এলাকায় একটি গুরুত্বপূর্ণ অভিযান শেষে গতকাল সকাল ছয়টার দিকে মাইক্রোবাসযোগে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল জলিলসহ গোয়েন্দা পুলিশের আরও আট সদস্য ফিরছিলেন। মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রসুলপুর মোড়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে নয়জন আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করেন।