বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। গত বুধবার উপজেলার আইড়মাড়ি ও মানিকপুরে এসব দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন—বগুড়া সদর উপজেলার বারোপুর গ্রামের রোস্তম আলীর ছেলে রাব্বী মিয়া (২২), আরোহী বগুড়ার গাবতলী উপজেলার মোক্তার হোসেন (৩৭) ও অজ্ঞাতনামা এক তরুণ (২২)।বনপাড়া মহাসড়ক থানার উপপরিদর্শক মজিবুর রহমান জানান, বুধবার বিকেল চারটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় নাটোরগামী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের চালক রাব্বী, আরোহী মোক্তার হোসেন ও গাজীপুরের শ্রীপুর এলাকার কাজী মহসিন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের বনপাড়া আমিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাব্বী ও মোক্তার হোসেনকে মৃত ঘোষণা করেন। বুধবার বেলা ১১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মাড়িতে একটি যাত্রীবাহী বাসকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে জানালা দিয়ে মাথা বের করে রাখা বাস যাত্রী ওই প্রতিবন্ধী তরুণ নিহত হয়। পুলিশ বাসটি আটক করেছে। চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে।