ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয় স্থানান্তর করা নিয়ে বিরোধের জের ধরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার দাসগ্রামে ইউপি ভবন চত্বরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এতে বিবদমান দুটি পক্ষের কোনো পক্ষই গতকাল সোমবার সেখানে সমাবেশ করতে পারেনি।বড়াইগ্রাম উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি সরকার উপজেলার চান্দাই ইউপি কার্যালয় দাসগ্রাম থেকে সরিয়ে চান্দাই বাজারে স্থাপনের সিদ্ধান্ত নেয়। দাসগ্রামের লোকজনের অভিযোগ, ইউপি চেয়ারম্যান আনিসুল হক ষড়যন্ত্র করে প্রশাসনের মাধ্যমে ভবনটি স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন। এই অভিযোগের পক্ষে অবস্থান নিয়েছেন দাসগ্রামসহ আশপাশের আরও পাঁচটি গ্রামের লোকজন। তাঁদের নেতৃত্ব দিচ্ছেন আবদুল মালেক।অন্যদিকে, শহীদুল ইসলামের নেতৃত্বে চান্দাই গ্রামের লোকজন ভবন স্থানান্তরের পক্ষে আন্দোলন শুরু করে। এ অবস্থায় সোমবার সকালে বর্তমান ইউপি ভবনের সামনে উভয় পক্ষ সমাবেশ আহ্বান করে। এতে শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেয়। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম গতকাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সমাবেশস্থলে ১৪৪ ধারা জারির নির্দেশ দেন। গতকাল সকালে নির্দেশ উপেক্ষা করে দাসগ্রামের লোকজন সমাবেশ করতে চাইলে পুলিশি বাধায় তা পণ্ড হয়। পরে তারা পার্শ্ববর্তী গোপালপুর ইউনিয়নে গিয়ে সমাবেশ করে।আবদুল মালেক বলেন, ‘ইউনিয়নের অধিকাংশ মানুষ দাসগ্রামে পরিষদের ভবন রাখার পক্ষে। আমরা এখান থেকে ভবন স্থানান্তর করতে দেব না।’ ইউপি চেয়ারম্যান বলেন, সরকারি নীতি অনুসরণ করেই কার্যালয় স্থানান্তর করা হচ্ছে।