বড়াইগ্রামের দুই ইউনিয়নে প্রহসনের নির্বাচন হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ২৮ মে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোপালপুর ও চান্দাই ইউনিয়নে ব্যাপক কারচুপির অভিযোগ করেছেন নৌকা প্রতীকের প্রার্থী ও তাঁর সমর্থকেরা। তাঁরা একে প্রহসনের নির্বাচন অভিহিত করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন।
গতকাল বুধবার বনপাড়ার জয় বাংলা সামাজিক আন্দোলন জোটের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই প্রহসনের জন্য স্থানীয় সাংসদকে দোষারোপ করা হয়েছে।
আওয়ামী লীগের স্থানীয় নেতা তৈয়ব আলী প্রামাণিকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও এই নির্বাচনে পরাজিত দলীয় প্রার্থী আবুবকর সিদ্দিক, চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, চান্দাই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান, বনপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, সরকারি দলের স্থানীয় (নাটোর-৪) সাংসদ আবদুল কুদ্দুস দলের ‘বিদ্রোহী’ প্রার্থীদের সমর্থন করায় নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা ষড়যন্ত্রমূলকভাবে নৌকা প্রতীকের প্রার্থীকে হারিয়ে দিয়েছেন। নৌকায় ভোট দেওয়ায় বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা ভোটের দিন ও পরের দিন দুপুর ১২টা পর্যন্ত নৌকার সমর্থকদের ঘরবাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা চালায়। পিটিয়ে জখম করা হয়েছে কমপক্ষে ২০ জনকে। চান্দাই উচ্চবিদ্যালয়ের শিক্ষক আবুল কালামকে পিটিয়ে ডান পা ভেঙে দিয়েছে। আহত ব্যক্তিরা অনেকেই এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। গত সোমবার আহত ভোলন (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
অভিযোগ অস্বীকার করে রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘আমার দেখা ও জানামতে, নির্বাচন সুষ্ঠু হয়েছে।’
সাংসদ আবদুল কুদ্দুস বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলেই পাঁচটি ইউনিয়নের মধ্যে তিনটিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও দুটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। আর যদি প্রহসনের নির্বাচন হতো তাহলে সব কটিতে নৌকার প্রার্থীরা জয়ী হতো।