বড়াল নদ ভরাট করছে চাটমোহর পৌরসভা
পাবনার চাটমোহর উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া বড়াল নদের একাংশ দখল করে মাটি ভরাটের অভিযোগ পাওয়া গেছে। বিপণিবিতান ও রাস্তা নির্মাণের জন্য শহরের পুরাতন বাজার এলাকায় চাটমোহর পৌরসভা কর্তৃপক্ষ এ কাজ করছে।
বড়াল দখল করে মাটি ভরাট করায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন বড়াল রক্ষা আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, বড়ালের পানিপ্রবাহ স্বাভাবিক করতে একদিকে উচ্চ আদালতের নির্দেশে নদটির মাঝ থেকে বাঁধ অপসারণের কাজ চলছে, অন্যদিকে নতুন করে মাটি ভরাটের কারণে নদটির প্রবহমান অংশ কমে সরু হয়ে যাচ্ছে। ফলে এর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। তাই তাঁরা অবিলম্বে বড়াল ভরাট বন্ধের দাবি তুলেছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান গতকাল বলেন, ‘আমরা বড়ালে মাটি ফেলা কোনোভাবেই সমর্থন করছি না। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে মাটি ভরাট বন্ধে পৌরসভাকে বলা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে একটি প্রতিবেদনও তৈরি করছি। কোনো অবস্থাতেই নদ ভরাট হতে দেওয়া হবে না।’
বড়াল রক্ষা আন্দোলন কমিটির কয়েকজন সদস্য বলেন, উপজেলা সদরের পুরাতন বাজার এলাকায় নতুন করে বড়াল দখল করছে চাটমোহর পৌরসভা। পৌর কর্তৃপক্ষ বিপণিবিতান ও রাস্তা নির্মাণের জন্য গত শনিবার থেকে নদটির একাংশ দখল করে মাটি ভরাট শুরু করেছে। বিষয়টি নিয়ে গত সোমবার বড়াল রক্ষা আন্দোলন কমিটি জরুরি সভা করে। বিষয়টি উপজেলা প্রশাসনকেও জানানো হয়েছে। কিন্তু মাটি ভরাট বন্ধ হয়নি।
গত বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, কচুরিপানায় ঢেকে গেছে বড়াল। পৌর শহরের পুরাতন বাজার ঘাট এলাকায় নদ পার হওয়ার জন্য একটি বাঁশের সাঁকো রয়েছে। সাঁকোর বাজার মুখে বড়ালের একাংশজুড়ে মাটি ফেলা হয়েছে।
স্থানীয় কয়েকজন বলেন, নদের পাড় দিয়ে রাস্তা নির্মাণের কথা বলে পৌর কর্তৃপক্ষ মাটি ভরাট শুরু করেছে। তবে বৃষ্টির কারণে গত বুধ ও বৃহস্পতিবার মাটি ফেলা বন্ধ রয়েছে। বৃষ্টি কমলে আবার মাটি ভরাট শুরু হবে।
বড়াল রক্ষা আন্দোলন কমিটির নেতারা বলেন, ১৯৮০ সাল পর্যন্ত বড়ালে পানিপ্রবাহ স্বাভাবিক ছিল। ১৯৮১ সালে রাজশাহীর চারঘাট এলাকায় পদ্মা নদী থেকে বড়ালের উৎসমুখে ও পাবনার ভাঙ্গুরা উপজেলার সীমান্ত এলাকা দহপাড়ায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দুটি জলকপাট নির্মাণ করে। এতে বড়ালের পানিপ্রবাহ বাধাগ্রস্ত হতে শুরু করে। নৌযান চলাচল ব্যাহত হয়। এরপর স্থানীয় বাসিন্দারা পারাপারের জন্য নদের ওপর সেতু তৈরির দাবি তোলেন। কিন্তু তৎকালীন চাটমোহর উপজেলা পরিষদ সেতু তৈরি না করে পারাপারের জন্য নতুন বাজার ঘাট, বোথর ঘাট, বিলচলন ইউনিয়নের রামনগর ও গুনাইগাছা এলাকায় নদের মাঝ দিয়ে আড়াআড়ি চারটি বাঁধ দেয়। এতে ২২০ কিলোমিটার দীর্ঘ বড়াল নদ কয়েকটি পুকুরে পরিণত হয়। এতে পানিপ্রবাহ আরও বাধাগ্রস্ত হয়। দখল হতে থাকে নদের দুই পাড়। পানি না পেয়ে চলনবিলের চাষাবাদ ব্যাহত হয়। এতে বড়াল পারের বাসিন্দারা ক্ষিপ্ত হতে শুরু করেন। ২০০৮ সালে তাঁরা বড়াল রক্ষায় আন্দোলন শুরু করেন। নানা আন্দোলন ও সংগ্রামের পর উচ্চ আদালত বড়াল থেকে সব বাঁধ ও জলকপাট অপসারণের নির্দেশ দেন। সে অনুযায়ী গত বছর থেকে পাউবো বড়াল থেকে বাঁধ অপসারণ করে সেতু নির্মাণ শুরু করেছে। দুটি বাঁধ কেটেও ফেলা হয়েছে। এরপর আবার বড়াল দখল করা হচ্ছে।
জানতে চাইলে চাটমোহর পৌরসভার মেয়র মীর্জা রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘বিপণিবিতান নয়, জনগণের চলাচলের সুবিধার্থে রাস্তা তৈরি করা হচ্ছে। যেখানে মাটি ভরাট হচ্ছে, সেটি আসলে রাস্তাই ছিল। বড়ালের ভাঙনে রাস্তাটি বিলীন হয়ে গিয়েছিল। আরএস জরিপ অনুযায়ী আমরা রাস্তাটি তৈরি করছি। এতে বড়ালের ক্ষতি হবে না।’
এ বিষয়ে বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্যসচিব মিজানুর রহমান বলেন, ২০০৯ সালের ২৪ জুন সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, ভাঙনের ফলে দিক পরিবর্তন করে যে দিকে যাবে সেটাই নদী। ফলে ওই স্থানে আগে রাস্তা থাকার কথা বলা হলেও এখন নদের অংশ। কেউ ইচ্ছা করলেই তা ভরাটের অধিকার রাখেন না।