বড়াল নদের পুরোনো বাঁধে নতুন সমস্যায় এলাকাবাসী
পাবনার চাটমোহর উপজেলার মাঝ দিয়ে প্রবাহিত বড়াল নদে ১৯৮২ সালে আড়াআড়িভাবে দেওয়া চারটি বাঁধ নদটিকে তিনটি বদ্ধ জলাশয়ে পরিণত করেছে। এলাকাবাসীর যোগাযোগের সুবিধার কথা বলে দেওয়া বাঁধগুলোর কারণে আবর্জনা ও কচুরিপানায় পরিপূর্ণ হয়ে আছে পুরো এলাকা। বদ্ধ ময়লার স্তূপ থেকে দুর্গন্ধ ও রোগ ছড়ানোয় স্বাস্থ্য-ঝুঁকিতে পড়েছেন নদের পারের বাসিন্দারা।এলাকাবাসী ও চাটমোহর পৌরসভা সূত্রে জানা যায়, নাটোরের বড়াইগ্রাম থেকে চাটমোহর উপজেলা সদরের মাঝ দিয়ে প্রবাহিত বড়াল নদ মিশেছে ফরিদপুর উপজেলার গুমানী নদীতে। নদের দুই পার ঘেঁষে রয়েছে চাটমোহর পৌরসভার নয়টি ওয়ার্ড এবং উপজেলার হরিপুর, গুনাইগাছা ও বিলচলন ইউনিয়নের ৪০টি গ্রাম। এসব গ্রামের বাসিন্দারা অধিকাংশই কৃষিজীবী। একসময় তাঁরা নদের পানি দিয়ে বিলে ফসল উৎপাদন করতেন। মাছ শিকার করে চলত অনেকের জীবন-জীবিকা। রাজশাহীর চারঘাটে পদ্মা থেকে বড়ালের উৎসমুখে ১৯৮১ সালে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) একটি স্লুইসগেট নির্মাণ করে প্রথম নদে পানিপ্রবাহে বাধার সৃষ্টি করে। পরের বছর নদের অপর দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার সীমান্ত এলাকা দহপাড়ায় গুমানী নদী থেকে বড়ালের উৎসমুখে আরও একটি স্লুইসগেট দেওয়া হয়। এতে দুই দিক থেকে বড়াল আটকে যায়। পানিপ্রবাহ কমে নৌযান চলাচল ব্যাহত হতে থাকে। এ সময় স্থানীয় লোকজন পারাপারের জন্য নদের ওপর দিয়ে সেতু তৈরির দাবি তোলেন। কিন্তু তৎকালীন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বর্তমান উপজেলা বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম সেতুর বদলে নদের মাঝ দিয়ে আড়াআড়ি বাঁধ দেওয়ার সিদ্ধান্ত নেন। একে একে চাটমোহর পৌর এলাকার নতুনবাজার খেয়াঘাট, বোথর খেয়াঘাট, বিলচলন ইউনিয়নের রামনগর ও গুনাইগাছা এলাকায় নদের মাঝ দিয়ে আড়াআড়ি চারটি বাঁধ দেওয়া হয়। পরে এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ১৯৯৬ সালে গুনাইগাছা হাট এলাকার বাঁধটি অপসারণ করে সেখানে একটি সেতু করা হয়েছে।এলাকাবাসীর অভিযোগ, ১৯৮২ সালে উপজেলা পরিষদে প্রচুর পরিমাণে কাজের বিনিময়ে খাদ্যের (কাবিখা) গম বরাদ্দ আসে। পরিষদ গমগুলো কাজে লাগাতে পারছিল না। গমগুলো ব্যবহারের জন্যই নদের মাঝ দিয়ে বাঁধ দেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবদুল মালেক বলেন, বাঁধ তৈরির শুরুতেই বাধা দেওয়া হয়। কিন্তু উপজেলা পরিষদের চেয়ারম্যান কোনো বাধাই মানেননি। নদকে জলাশয়ে পরিণত করে তিনি সেখানে নিজের লোকজন দিয়ে মাছ চাষও করেছেন। এ বিষয়ে আনোয়ারুল ইসলাম বলেন, জনগণের যোগাযোগের সুবিধার্থে তখন বাঁধগুলো করা হয়েছিল। কিন্তু সেটি ছিল ভুল সিদ্ধান্ত। বর্তমান দায়িত্বরত ব্যক্তিদের প্রতি বাঁধগুলো ভেঙে সেতু করার পরামর্শ দেন তিনি।নদের পারের বাসিন্দারা জানান, নদের এই পাঁচ কিলোমিটার এলাকায় প্রায় ৪০টি মুরগির খামার, ৮-১০টি ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। বসবাস করছে প্রায় ৪০ হাজার পরিবার। প্রতিদিন এসব খামার ও বসতবাড়ি থেকে প্রচুর পরিমাণে ময়লা-আবর্জনা বড়ালে ফেলা হয়। কিন্তু বাঁধের কারণে আবর্জনাগুলো একই স্থানে আটকে থাকে। এতে প্রতিনিয়ত প্রচুর দুর্গন্ধ ছড়ায়।বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্যসচিব মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, আন্দোলনের পরিপ্রেক্ষিতে বড়াল থেকে বাঁধ ও স্লুইসগেট অপসারণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পানিসম্পদ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। ভূমি মন্ত্রণালয় ও নদীবিষয়ক টাস্কফোর্সে এসব অপসারণের সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এখনো বাস্তবে কিছু হয়নি।চাটমোহর পৌরসভার মেয়র হাসাদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে তাঁরা চিন্তিত। দিনে দিনে নদের পারের বাসিন্দাদের স্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। সরকারি সহযোগিতা পেলে বাঁধগুলো অপসারণ করে সেতু করা হবে বলে জানান তিনি।পাউবো চাটমোহর রেঞ্জের প্রকৌশলী আবদুস ছাত্তার বলেন, বড়াল নিয়ে কোনো সমস্যার কথা কেউ কখনো বলেনি। তাই বড়াল নিয়ে কোনো পরিকল্পনাও তাঁদের নেই। তবে কোনো সিদ্ধান্ত এলে তা বাস্তবায়ন করা হবে।