বড়াল রক্ষায় আন্দোলনে চার জেলার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দখল, দূষণ আর ভরাটের কারণে অস্তিত্ব হারাচ্ছে চলনবিল। সেই সঙ্গে চলনবিলকেন্দ্রিক প্রধান নদী আত্রাই, নন্দকুঁজা, গুমানী, বড়ালসহ ১৬টি নদ-নদী এখন মৃতপ্রায়। এ কারণে নদী এলাকার প্রায় ৫০ লাখ মানুষ পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে। এদিকে বিশ্ব নদী রক্ষা দিবস উপলক্ষে ১৪ মার্চ ‘চলনবিলসহ মৃতপ্রায় নদ-নদীগুলো রক্ষায়’ নদীপারের চারটি জেলার আটটি উপজেলার মানুষ ২২০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রাজশাহীর চারঘাটের পদ্মার উৎসমুখ থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ি ঘাট পর্যন্ত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। পরিবেশ বিজ্ঞানী রেদওয়ানুর রহমান তাঁর এক প্রবন্ধে উল্লেখ করেন, ২৫ বছর আগেও চলনবিলের মধ্য দিয়ে প্রবাহিত নদ-নদীতে বছরজুড়ে ৬ থেকে ১২ ফুট পানি থাকত। এ কারণে বছরজুড়েই নৌযান চলাচল করত। কিন্তু বছরের পর বছর পলি জমে এসব নদী ভরাট হয়ে গেছে। বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন, বড়াল রক্ষা আন্দোলনের সমন্বয়কারী আবু হেনা মোস্তফা কামাল, মিজানুর রহমান জানান, দেশের বৃহত্তম পদ্মা ও যমুনা নদী এবং চলনবিলের মধ্যে প্রধান সংযোগ নদ হচ্ছে বড়াল। এই নদ চারটি জেলা (নাটোর, সিরাজগঞ্জ, পাবনা ও রাজশাহী) ও আটটি উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। রাজশাহীর চারঘাট থেকে উৎপত্তি হয়ে চলনবিলের মধ্য দিয়ে মুশাখা, নন্দকুজা, চিকনাইসহ বেশ কয়েকটি নদীর জন্ম দিয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ির হুড়াসাগর হয়ে যমুনায় মিলিত হয়েছে। একসময় এই নদী ছিল প্রবহমান। কিন্তু আশির দশকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অপরিকল্পিতভাবে নদীর উৎসমুখ ও ৪৬ কিলোমিটার ভাটি এলাকায় আটঘরিয়ায় জলকাপট (স্লুইসগেট) নির্মাণ, পাবনার চাটমোহরে তিনটি ক্রস বাঁধ ও জলকপাট নির্মাণের কারণে প্রমত্তা বড়াল এখন পুকুরে পরিণত হয়েছে। এ ছাড়া কয়েকটি শিল্প-কারখানার তরল বর্জ্যের দূষণ ও ভূমিদস্যুদের কবলে পড়ে বিলীন হয়ে যাচ্ছে এটি।স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল প্রশাসনের স্থানীয় কর্মকর্তাদের যোগসাজশে বড়াল নদকে অবক্ষয়িত জলাশয় ঘোষণা করে দখলে নেয়। এ কারণে নদসংলগ্ন এলাকায় ফসলহানি, বদ্ধ পানিতে দূষণ-দুর্গন্ধ-রোগবালাই, জেলে, কৃষক, ব্যবসায়ীরা বেকার ও দিশেহারা হয়ে পড়েছেন। ভূমিদস্যুরা দখল-প্রক্রিয়া অব্যাহত রাখায় নদ-তীরবর্তী জেলে, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ীরা একরকম বেকার হয়ে পড়েছেন। নাটোর পাউবোর নির্বাহী প্রকৌশলী রমজান আলী মোল্লা জানান, নদ-তীরবর্তী বাঁধ বা জলকপাট নির্মাণে নদের নাব্যতা বাধাগ্রস্ত হওয়ার ধারণা ঠিক নয়। গঙ্গা ব্যারেজের কারণে উজানে পদ্মা নদীর পানিপ্রবাহ কমে যাওয়ায় বড়ালের নাব্যতা কমে গেছে। এটি একটি জাতীয় সমস্যা। তবে অবৈধ দখল উচ্ছেদ অভিযান চলমান আছে।