বড়াল নদ রক্ষার দাবিতে রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজশাহীর চারঘাটে বড়াল নদের উৎস মুখ থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ী পর্যন্ত ২২০ কিলোমিটারজুড়ে এ মানববন্ধনে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।আন্তর্জাতিক নদী রক্ষা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বড়াল রক্ষা আন্দোলন, চলনবিল রক্ষা আন্দোলন, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম ডেভেলপমেন্ট (এএলআরডি) ও রিভারাইন পিপল যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এদিকে রাজশাহীর চারঘাট উপজেলায় কর্মসূচি চলাকালে নদী দখলকারীরা মানববন্ধনে অংশ নেওয়া লোকজনের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ঢাকার বাইরে আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: রাজশাহী: জেলার ১০টি উপজেলায় মানুষ নদী রক্ষার দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশ নেন। চারঘাটের জলকপাটের (স্লুইসগেট) ওপর থেকে প্রায় তিন কিলোমিটার মানববন্ধন করা হয়। এ সময় নদী দখলদারদের লোকজন সেখানে হামলা চালান। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টায় কর্মসূচির শেষের দিকে দখলদারেরা মিছিল নিয়ে সেখানে হামলা চালান। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। হামলাকারীরা বড়াল রক্ষা আন্দোলনের চারঘাট শাখার সভাপতিসহ আরও কয়েকজন নেতাকে লাঞ্ছিত করেন। এর প্রতিবাদে রাজশাহী-বাঘা সড়ক প্রায় ৪০ মিনিট অবরোধ করে রাখা হয়। পরে রাজশাহীর সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করান।বড়াল রক্ষা আন্দোলনের চারঘাট শাখার সভাপতি সাইফুল ইসলাম বলেন, হামলাকারীরা সবাই দখলদার। এঁরা সবাই চরের খাসজমি নিজেদের দখলে রেখেছেন। জমি হারানোর ভয়ে তাঁরা বড়াল রক্ষা আন্দোলনের বিরুদ্ধে লোকজনকে সংগঠিত করেছেন। সাইফুল ইসলাম বলেন, বড়ালের উৎসমুখে ও ৪৬ কিলোমিটার ভাটিতে দুটি জলকপাট, বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় দখলদারদের দৌরাত্ম্য, ১২৫ কিলোমিটার ভাটিতে পাবনার চাটমোহরে তিনটি ক্রসবাঁধ ও শিল্পকারখানার বর্জ্য ফেলার কারণে বড়াল নদের অস্তিত্ব হুমকির মুখে। বড়ালকে রক্ষার জন্য ২০০৮ সাল থেকে জলকপাট ও ক্রসবাঁধ অপসারণ করে সেতু স্থাপন, দখলদারদের উচ্ছেদ, নদীকে ক্যাপিটাল ড্রেজিংয়ের (বৃহত্তর খনন) অন্তর্ভুক্ত করা ও জলাশয় দেখিয়ে ভুয়া প্রকল্প বাতিল করার দাবিতে তারাসহ বিভিন্ন সংগঠন আন্দোলন করে আসছে। পাবনা: ‘বাঁধ, স্লুইসগেট ভেঙে সেতু করো, বড়াল নদ চালু করো’ স্লোগানে ফুঁসে উঠেছেন বড়ালপাড়ের ২৫ লাখ মানুষ। মানববন্ধনের নির্ধারিত সময় ছিল বেলা ১১টা। এর আগেই পাবনার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণী-পেশার মানুষ বড়ালপাড়ের সড়ক ধরে সমবেত হন। ঘড়ির কাঁটায় ১১টা বাজতেই সবাই হাতে হাত ধরে তৈরি করেন এক বিশাল মানববন্ধন। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দাবি আদায়ে একাত্ম হন। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বড়াল নদ থেকে বাঁধ, স্লুইসগেট অপসারণ করে সেতু নির্মাণের দাবিতে বিভিন্ন পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। রাজশাহীর চারঘাট ও সিরাজগঞ্জের বাঘাবাড়ী এলাকা থেকে মানববন্ধনটি পর্যবেক্ষণ ও প্রায় ১৫টি সমাবেশ করেন আয়োজকেরা।সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ীর নদীর তীর থেকে শুরু করে রাজশাহীর চারঘাট পর্যন্ত এ মানববন্ধনে উপজেলার স্থানীয় অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। নদীর শেষ মোহনায় বাঘাবাড়ীতে সমাবেশে বাঘাবাড়ী উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মো. কামাল আহমেদ বলেন, বড়াল নদের দুই তীরে এবং অভ্যন্তরে কয়েক শ স্থানে অবৈধভাবে দখল করে নেওয়া হয়েছে। মাছ ধরার নাম করে বিত্তশালীরা এই দখলের রাজত্ব কায়েম করেছেন। ডেমরা এলাকাসহ বিভিন্ন স্থানে কারখানার বর্জ্য নদীতে পড়ছে। পাশাপাশি নদীর দুই তীরের মাটি নদীর ভেতর পড়ায় নদী ভরাট হয়ে গেছে। এ অবস্থায় শিগগিরই অবৈধ দখলকারীদের উচ্ছেদ না করলে দেশের মানচিত্র থেকে নদীটি মুছে যাবে।