বড়ালে মৎস্য প্রকল্প বাতিলের জন্য চিঠি
প্রবহমান বড়াল নদকে অবক্ষয়িত জলাশয় দেখিয়ে অনুমোদন করা মৎস্য বিভাগের ৬৮ লাখ টাকার আটটি প্রকল্প বাতিলের জন্য আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ভূমি মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির চেয়ারম্যান আ ফ ম মোজাম্মেল হক ২৪ জানুয়ারি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর এ চিঠি দেন।চিঠিতে বলা হয়েছে, বড়াল নদের চলমান মৎস্য চাষের ইজারা বাতিল করে নদের ওপর নির্মিত সব স্লুইসগেট (জলকপাট), ক্রসবাঁধ অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হলো। নদীবিষয়ক টাস্কফোর্সের সভায় বড়ালসহ সব নদ-নদীর বাঁধ অপসারণের সিদ্ধান্ত হয়েছে।এ প্রসঙ্গে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ প্রথম আলোকে বলেন, ‘আমি এখনো চিঠি হাতে পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’২০১০-১১ অর্থবছরের মৎস্য বিভাগ প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে উপজেলার হরিপুর ইউনিয়নের ধুলাউড়ি এলাকায় বড়াল নদে একটি মৎস্য প্রকল্প বাস্তবায়ন করেছিল। গত বছরের ২৮ মে প্রথম আলোয় ‘সরকারি টাকায় নদীতে বাঁধ, নেতাদের মাছ চাষ’ শিরোনামে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়। চলতি বছর আবারও বড়ালকে অবক্ষয়িত জলাশয় দেখিয়ে ৬৮ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন করা হয়। প্রকল্পগুলো বাতিলের দাবিতে গত ১৬ জানুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় সদস্য ও বড়াল রক্ষা আন্দোলনের সদস্যসচিব এস এম মিজানুর রহমান পাবনার যুগ্ম জজ-২ আদালতে মামলা করেন। গত ২১ জানুয়ারি প্রথম আলোয় ‘এলাকাবাসীর আপত্তি উপেক্ষা, আদালতে মামলা দায়ের’ শিরোনামে এ সংক্রান্ত আরও একটি প্রতিবেদন প্রকাশিত হয়।