বড়ালের মুখে গম চাষ মুসাখাঁতে খননকাজ
রাজশাহীর চারঘাটে পদ্মা নদী থেকে বড়াল নদের উৎপত্তি হয়েছে। এর উৎসমুখে পলি পড়ে চর জেগেছে। এতে এখন স্থানীয় লোকজন ধান ও গম চাষ করছে। অথচ এর প্রায় ২৫ কিলোমিটার ভাটিতে বড়ালের শাখা মুসাখাঁর নাব্যতার জন্য প্রায় কোটি টাকা ব্যয়ে খনন কাজ করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, মুসাখাঁর ভেতর দিয়ে নারদ নদে পানি নেওয়ার জন্য তারা এই খননকাজ করছে। জানা গেছে, নাটোরের বাগাতিপাড়ার হাপানিয়ায় মুসাখাঁ নামে বড়ালের একটি শাখা নদী বেরিয়ে গেছে। নাটোরের পাইকপাড়ায় গিয়ে মুসাখাঁ থেকে নারদ নদীর উৎপত্তি হয়েছে হয়েছে। এ নদীটি নন্দকুজা নদী হয়ে আত্রাই নদীতে গিয়ে পড়েছে। বড়ালের উৎসমুখে চরপায় মুসাখাঁ ও নারদ নদের পানির প্রবাহ কমে যাওয়ায় নদী দুটো মরে যাওয়ার উপক্রম হয়। ইতিমধ্যে নারদ খনন করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাস থেকে মুসাখাঁর খননকাজ শুরু করা হয়েছে। প্রায় এক কোটি টাকা ব্যয়ে সাড়ে ছয় কিলোমিটার খনন করা হবে। কিন্তু বড়ালের শাখা নদে খনন করা হলেও বড়াল নদ খনননের ব্যাপারে কোনো উদ্যোগ নেই। গত শুক্রবারে চারঘাটে গিয়ে দেখা যায়, খরা শুরুর আগেই উৎসমুখের পানি শুকিয়ে গেছে। উৎসমুখ থেকে পদ্মা নদীর পানির মূল স্রোতধারা অনেক দূরে চলে গেছে। চারঘাট সেতু থেকে পশ্চিমের দিকে উৎমুখ পর্যন্ত এলাকায় স্থানীয় লোকজন ধান চাষ করেছে। সেতু থেকে পূর্ব দিকে গমচাষ করা হয়েছে। এখানে গম চাষ করেছেন চারঘাটের মিয়াপাড়া গ্রামের দুলু সরকার, আমিরুল ইসলাম, সাদীপুর গ্রামের সিদ্দিকুর রহমান, চারঘাট গ্রামের আজগর আলী প্রমুখ। দুলু সরকার জানান, অনেক দিন আগে তাঁদের জমি নদীতে ভেঙে গিয়েছিল। এখন জমি জেগে ওঠায় তাঁরা গমচাষ করছেন।নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ উদ্দিন বলেন, বড়ালের উৎসমুখে যে রেগুলেটর আছে সেটা তুলে দিয়ে একটি সাধারণ সেতু করে উৎসমুখ খনন করলে পানি পাওয়া যাবে। তা ছাড়া কোটি কোটি টাকা খরচ করে মুসাখাঁ খনন করে কোনো লাভ হবে না। বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের গোচর গ্রামের স্কুলশিক্ষক আমানুল হক বলেন, বড়ালের নাব্যতার ব্যবস্থা না করে মুসাখাঁ খনন করে শুধু সরকারের অর্থ অপচয় ছাড়া আর কিছুই হবে না। এ ব্যাপারে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহতাব উদ্দিন বলেন, তাঁরা নারদ নদে পানি নেওয়ার জন্য মুসাখাঁ খনন করছেন। বড়ালের উৎসমুখ পরিষ্কার না করলে কীভাবে মুসাখাঁতে পানি আসবে? জানতে চাইলে তিনি বলেন, বড়ালের উৎসমুখে এর আগে কিছুটা খনন করা হয়েছে। আপাতত তাঁদের বড়াল নিয়ে আর কোনো পরিকল্পনা নেই।