বড়ালের ১০ কি.মি. দখলমুক্ত
রাজশাহীর চারঘাটে বড়াল নদের ১০ কিলোমিটার এলাকা দখলমুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চারঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলমগীর এই অভিযান পরিচালনা করেন। অভিযানে নদের উৎসমুখ থেকে শিমুলিয়া পর্যন্ত এলাকায় অবৈধ দখলদারদের বেড়া ভেঙে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নদের উৎসমুখ থেকে ১০ কিলোমিটার এলাকা দখল করে তিনটি প্রভাবশালী মহল বেড়া দিয়ে মাছ চাষ করছিল। এতে নদ তীরবর্তী ১০ গ্রামের মানুষ বিপাকে পড়ে। জেলেরা জাল নিয়ে নদীতে নামতে পারতেন না। পানিতে মুরগির বিষ্ঠা ও সার দেওয়ার কারণে গ্রামবাসী দৈনন্দিন কাজে নদের পানি ব্যবহার করতে পারত না। গোসলের পর গায়ে চুলকানি হতো। নদটি দখলমুক্ত করতে গত মাসে এলাকাবাসী চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ করে। রাজশাহীর জেলা প্রশাসক আবদুল হান্নান বলেন, ‘যারা বড়াল দখল করে মাছ চাষ করছে, তাদের সবাইকে আমরা চিনি। কাদের ছায়ায় তারা এই কাজ করার সাহস পাচ্ছে, সেটাও আমরা জানি। চারঘাটে বড়ালকে দখলমুক্ত করার জন্য ইতিমধ্যে অবৈধ মাছ ব্যবসায়ীদের বেড়া উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে।’ সহকারী কমিশনার আলমগীর কবির বলেন, সরকারি আইনে উন্মুক্ত জলাশয় কেউ বেড়া দিয়ে দখল করে ভোগ করতে পারবে না। এর আগে দখলদারদের নিজ দায়িত্বে নদ থেকে বেড়া তুলে নিতে নির্দেশ দেওয়া হয়েছিল। তাদের বেশ কিছু দিন সময় দেওয়া হয়। কিন্তু তারা সেই নির্দেশ অমান্য করায় প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে নদ দখলমুক্ত করা হলো।