বড়ি খেয়ে শেষ ঘুমে
ঘুম হয় না, তাই ঘুমের বড়ি খেয়ে গত শুক্রবার সকালে ঘুমিয়ে পড়েছিলেন রাজশাহীর বাগমারা উপজেলার কাচারীকোয়ালীপাড়া গ্রামের আতাউর রহমান (৩৮)। কিন্তু আর ঘুম থেকে ওঠেননি। কারণ, তিনি শেষ ঘুমে চলে গেছেন।পারিবারিক সূত্রে জানা যায়, আতাউর রহমান দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভূগছিলেন। এ জন্য তিনি ভালোভাবে ঘুমাতে পারতেন না। ভালো ঘুমের জন্য শুক্রবার সকালে উপজেলার ভবানীগঞ্জ বাজারের এক ফার্মেসি থেকে চারটি ঘুমের বড়ি কিনে নিয়ে আসেন। সকালের নাশতার পর তিনি একসঙ্গে চারটি বড়ি খেয়ে ঘুমিয়ে পড়েন। সন্ধ্যা পর্যন্ত তাঁর ঘুম না ভাঙলে পরিবারের লোকজন তাঁকে জাগানোর চেষ্টা করেন। তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।আতাউর রহমানের ভাগনে জাহেদুল ইসলাম জানায়, তার মামা একসঙ্গে চারটি ঘুমের ট্যাবলেট খেয়ে ছিলেন। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, তিনি বিষয়টি জানেন না। এটা নিয়ে অপমৃত্যুর মামলা হতে পারে।