রানা প্লাজা বিপর্যয়ের বর্ষপূর্তিতে সব পর্যায়ের শ্রমিকের ক্ষেত্রে একটি নির্দিষ্ট মান বজায় রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন একদল ব্রিটিশ এমপি। গতকাল বুধবার বিকেলে ওয়েস্টমিনস্টার হলে অনুষ্ঠিত এক বিশেষ আলোচনায় অংশগ্রহণকারী এমপিরা এ আহ্বান জানান।
আলোচকেরা সবাই বলেন, বয়কটে কোনো সমাধান নেই। তাঁরা ক্ষতিপূরণ তহবিলে সাহায্য দেওয়ার জন্যও ব্রিটিশ কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ব্যাকবেঞ্চার নামে পরিচিত সাধারণ এমপিদের মূল অধিবেশনের পাশাপাশি বিতর্ক করার বিকল্প ফোরাম হচ্ছে এই ওয়েস্টমিনস্টার হল।
ব্রিটিশ পার্লামেন্টের বাংলাদেশ-বিষয়ক সর্বদলীয় কমিটির অন্যতম সদস্য, বার্মিংহাম থেকে নির্বাচিত লেবার পার্টির এমপি শাবানা মাহমুদ এ বিতর্কের উদ্যোক্তা। লেবার পার্টির জিম ডবিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিতর্কে অন্যান্যের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী এবং ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন সহায়তাবিষয়ক প্রতিমন্ত্রী অ্যালান ডানকান অংশ নেন।
বিতর্কের সূচনা করে শাবানা মাহমুদ বলেন, রানা প্লাজা ধসে এক হাজার ১৩৫ জনের প্রাণহানির ঘটনা দ্রুত পরিবর্তনশীল (ফাস্ট) এবং সস্তা ফ্যাশনের মানবিক মূল্য যে কত বড় ও নির্মম, তা সবাইকে স্মরণ করিয়ে দিয়েছে। গত সেপ্টেম্বরে বাংলাদেশ সফরের অভিজ্ঞতা বর্ণনা করে শাবানা মাহমুদ বলেন, একটি কারখানা পরিদর্শনে গিয়ে তিনি দেখেছেন, কথিত মান উন্নয়নের পরও সেখানে প্রচণ্ড গরমের মধ্যে নারী শ্রমিকদের কাজ করতে হচ্ছে। দুটি আন্তর্জাতিক উদ্যোগ অ্যাকর্ড এবং অ্যালায়েন্স যে পরিদর্শন কার্যক্রম হাতে নিয়েছে, তার আওতায় আছে মাত্র আড়াই হাজার কারখানা।
শাবানা মাহমুদ জানান, এ বিতর্কের প্রাক্কালে ব্রিটিশ সুপার মার্কেট চেইন টেসকো তাঁকে জানিয়েছে, তারা কারখানার নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের একটি ফ্যাক্টরিতে কাজ বন্ধ করে দিয়েছে। শাবানা বলেন, কোনো ক্রেতা কোম্পানি বাংলাদেশ থেকে চলে আসাটাই সমাধান নয়, বরং সেই কারখানাকে ত্রুটিমুক্ত করা জরুরি। ব্রিটিশ সরকার এ ক্ষেত্রে কী ভূমিকা নেবে, তিনি তা জানতে চান।
রানা প্লাজার হতাহতদের ক্ষতিপূরণ তহবিলে অংশ না নেওয়া কোম্পানিগুলোর সমালোচনা করে তাদের ওপর চাপ প্রয়োগের জন্য শাবানা মাহমুদ এবং রুশনারা আলী ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানান। রুশনারা আলী ক্ষতিপূরণ আদায়ে তৎপর সংগঠন লেবার বিহাইন্ড দ্য লেবেলস এবং নো মোর ফ্যাশন ভিকটিমসের প্রচারাভিযানে সমর্থন দেওয়ার জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানান।
বিতর্কের জবাবে প্রতিমন্ত্রী অ্যালান ডানকান বলেন, বাংলাদেশে পোশাকশিল্পের বিকাশ যে হারে ঘটেছে, তা অনেক আগেই অবকাঠামোর উন্নয়নের হারকে ছাড়িয়ে গেছে। তবে নারীর ক্ষমতায়নে এ খাত ইতিবাচক ভূমিকা রাখছে। সে কারণে বাংলাদেশের পোশাক খাতকে সহায়তা করা অব্যাহত রাখার ওপর জোর দিয়ে ডানকানও বলেন, বয়কট নয়, বরং পোশাক খাতের অগ্রগতিকে টেকসই করার ওপর তাঁর সরকার জোর দিচ্ছে। যেসব কোম্পানি এখনো ক্ষতিপূরণ তহবিলে অংশ নেয়নি, তাদের দ্রুত এগিয়ে আসার আহ্বান জানান তিনি।