বয়লার বিস্ফোরণে তিন শ্রমিক নিহত, দুজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দড়িনগুয়া গ্রামে গতকাল শনিবার একটি চালকলের বয়লার বিস্ফোরণে তিন শ্রমিক নিহত হয়েছেন৷ গুরুতর দগ্ধ হয়েছেন আরও দুই শ্রমিক৷
নিহত শ্রমিকেরা হলেন উপজেলার নড়াইল গ্রামের সুলতান উদ্দিন (৩৫), আবুল কাসেম আলম (৩৩) ও ধারা ইউনিয়নের ধারাকান্দা গ্রামের হজরত অালী (৩৬)৷ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহত শ্রমিক আবদুর রাজ্জাক (৪০) ও রহমত আলী (৩৬)৷
প্রত্যক্ষদর্শী ও হালুয়াঘাট উপজেলা প্রশাসন জানায়, দড়িনগুয়ার মেসার্স শাকিল অটো রাইস মিলের শ্রমিকেরা গতকাল ভোর পাঁচটায় কাজে যোগ দেন৷ কাজ শুরুর সময় হঠাৎ বিকট শব্দে মিলের বয়লার বিস্ফোরিত হয়৷ এতে কাজে যোগ দেওয়া পাঁচ শ্রমিক অগ্নিদগ্ধ হন৷ আহত শ্রমিকদের প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়৷ কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে সকাল সাড়ে সাতটার দিকে তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়৷ সেখানে তিন শ্রমিকের মৃত্যু হয়৷
স্থানীয় ব্যক্তিরা জানান, বিস্ফোরণে আগুনের ফুলকি ও বয়লারের বিভিন্ন যন্ত্রাংশ চারদিকে প্রায় আধা কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে৷ বয়লারের ট্যাংক প্রায় ৪০০ মিটার দূরে ছিটকে পড়ে৷ এ সময় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷
চালকলে কাজ করা কয়েকজন শ্রমিক জানান, বয়লারের মিটারটি আগে থেকেই নষ্ট ছিল৷ মাঝেমধ্যেই অতিরিক্ত তাপ জমা হতো৷ বিষয়টি কারখানার মালিক ফারুক হোসেনকে জানানোর পরও তিনি বয়লার মেরামত করেননি৷
যোগাযোগ করা হলে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আউয়াল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ও অন্য শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অতিরিক্ত তাপের কারণে বয়লারের ভেতর গ্যাস জমা হলে বিস্ফোরণ ঘটে৷ এতে মালিকপক্ষের অবহেলাও রয়েছে৷
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে মামলা করা না হলে পুলিশ বাদী হয়ে মিলের মালিকের বিরুদ্ধে মামলা করবে৷ কিন্তু তিনি ঘটনার পর থেকে পলাতক৷