বয়লার বিস্ফোরণের ঘটনায় আরেক শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গোবিন্দপুর গ্রামে সোহাগ অটো রাইস মিলের ধ্বংসস্তূপ অপসারণ করছেন শ্রমিকেরা। গত বুধবার মিলের বয়লার বিস্ফোরণে তিনজন নিহত হন l প্রথম আলো
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গোবিন্দপুর গ্রামে সোহাগ অটো রাইস মিলের ধ্বংসস্তূপ অপসারণ করছেন শ্রমিকেরা। গত বুধবার মিলের বয়লার বিস্ফোরণে তিনজন নিহত হন l প্রথম আলো

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গত বুধবার সোহাগ অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণের ঘটনায় আরও একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান। এ নিয়ে এই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হলো।
উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অবস্থিত সোহাগ অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে ওই দিনই কারখানার হিসাবরক্ষক মাহবুব হোসেন (২৭) ও কারখানায় ধান নিয়ে আসা নৌকার মালিক আজিজুল হক (৪০) নিহত হন। গতকাল হাসপাতালে মারা গেলেন নারী শ্রমিক চম্পা বেগম (৩৫)।
ওই ঘটনায় গুরুতর আহত পাঁচজন এখনো বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাঁরা হলেন জুয়েল মিয়া (৪০), রহিম মিয়া (২৮), আবদুল মান্নান (৩০) ও জাহিদুল ইসলাম (২৭)। তাঁদের শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া আহত আরও অন্তত ৫৫ জনকে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারখানার শ্রমিকনেতা আনোয়ার গাজী জানান, চম্পা বেগমের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। হতদরিদ্র এ নারীর চার মেয়ে ও এক ছেলে। দুর্ঘটনায় তাঁর দুই শিশুসন্তান জিদান (৩) ও জুলিহা (৬) আহত হয়। দুটি শিশুই হাসপাতালে চিকিৎসাধীন। চম্পার লাশ ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, তিনজন নিহত হওয়ার ঘটনায় এখনো কেউ মামলা করেনি। কেউ বাদী না হলে পুলিশ মামলা করবে।