বয়লার বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে যমুনা অটো রাইস মিলে সংঘটিত দুর্ঘটনায় হতাহত শ্রমিক পরিবারের সদস্যদের গতকাল রোববার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে এ আর্থিক সহায়তা দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সহায়তা প্রদান অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার। স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক। অনুষ্ঠানে দুর্ঘটনার শিকার ২১ জনের পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাসদের সাধারণ সম্পাদক ও সাংসদ শিরিন আখতার, সাংসদ ইকবালুর রহিম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, বণিক সমিতির সভাপতি রেজা হুমায়ূন ফারুক চৌধুরী, জাতীয় শ্রমিক লীগ দিনাজপুর শাখার সভাপতি আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, চাল কল মালিক সমিতির সভাপতি সারোয়ার আশফাক, পুলিশ সুপার মো. হামিদুল আলম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল প্রমুখ। পরে নিহত শ্রমিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রতিমন্ত্রী মুজিবুল হক আগামী ৬০ দিনের মধ্যে তদন্ত কমিটিকে দিনাজপুরের সব অটো রাইস মিলের পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে নির্দেশ দেন। তিনি শ্রমিকদের নিয়োগ ও পরিচয়পত্র দিতে মিলের মালিকদের অনুরোধ করেন। তিনি রানা প্লাজার দুর্ঘটনার কথা উল্লেখ করে বলেন, ‘আমি কথা দিচ্ছি, দেশে আর কোনো রানা প্লাজা হবে না।’ তিনি ২০২১ সালের মধ্যে শিশুশ্রম নিরসনের অঙ্গীকার করেন।