বয়লার বিস্ফোরণে তিনজন নিহত
ঠাকুরগাঁও পৌরসভার ভাউলারহাট মোড় এলাকার একটি চালকলের বয়লার বিস্ফোরণে গতকাল মঙ্গলবার সকালে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল সোয়া ১০টার দিকে ভাউলারহাট মোড়ের সালাউদ্দিন উলুব্বীর মাসনুন হাস্কিং মিলের বয়লার উড়ে গিয়ে ১০০ গজ দূরে মতিন উলুব্বীর সামসিয়া হাস্কিং মিলে পড়ে প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। এতে ওই মিলের শ্রমিক সদর উপজেলার দিঘিডাঙ্গী গ্রামের মৃত বুদু চন্দ্রের ছেলে রমেশ বর্মণ (৪২), পাইকপাড়া গ্রামের পহির উদ্দিনের ছেলে পশিরুল হক (৪১) ও একই গ্রামের মকিম উদ্দিনের ছেলে কফিল উদ্দিন (৪০) ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া উড়ে আসা বয়লারের নিচে চাপা পড়ে আহত হন আরও তিন শ্রমিক। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ খান জানান, হতাহতের সবাই সামসিয়া হাস্কিং মিলের শ্রমিক। নিহত শ্রমিকদের লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঠাকুরগাঁও থানায় একটি দুর্ঘটনাজনিত মামলা করা হয়েছে।