বয়লার বিস্ফোরণে দগ্ধ তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে চালকলের বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিন শ্রমিক মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সকাল ১০টা, বেলা ২টা ও বিকেল ৪টার দিকে তিনজন মারা যান। ওই তিনজন হলেন শিয়ালকোল গ্রামের সাকেরা বেওয়া (৪৮), ছবের আলী (৫০) ও তাঁর স্ত্রী জাহানারা খাতুন (৪০)।

শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান শেখ জানান, ১১ জানুয়ারি বুধবার সন্ধ্যায় শিয়ালকোল বাজারে অবস্থিত শামীম তালুকদারের চাতালে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচজন দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকেরা ওই তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করার পরামর্শ দেন। পাঁচ দিন পর আজ এক দিনেই তিনজন মারা গেলেন।
চাতালমালিক শামীম তালুকদার জানান, নিহত ব্যক্তিদের মরদেহ ঢাকা থেকে সিরাজগঞ্জে আনা হচ্ছে। তাঁদের দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’