বয়লার বিস্ফোরণে নারীশ্রমিক নিহত
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গতকাল রোববার ধানের চাতালে বয়লার বিস্ফোরণে এক নারীশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
গতকাল সকাল নয়টার দিকে উপজেলার পিরব ইউনিয়নের খয়রাপুকুর গ্রামে আবদুল বাসেতের চাতালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম জীবননেছা বেগম (৪২)। তিনি পাশের পালিকান্দা সর্দারপাড়া গ্রামের আবদুল কুদ্দুসের স্ত্রী।
পাঁচজন প্রত্যক্ষদর্শী বলেন, ওই চাতালে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরণ হয়। এরপর এলাকাবাসী উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
ঘটনাস্থলেই জীবননেছা নিহত হন। আহত ব্যক্তিরা হলেন সাজেদা বেগম, শরিফুল আসলাম, আবদুল কুদ্দুস ও নূরুল ইসলাম। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
চাতালের মালিক আবদুল বাসেত বলেন, চাতালের হাউসের দরজার চাবি শ্রমিকেরা সঠিক সময়ে না খোলায় ভেতরে গ্যাস সৃষ্টি হয়। এর ফলে বিস্ফোরণ হয়।