বয়লার বিস্ফোরণে স্কুলছাত্র নিহত
মুন্সিগঞ্জ সদর উপজেলার ফিরিঙ্গিবাজারে গতকাল সোমবার সন্ধ্যায় একটি চালকলের বয়লার বিস্ফোরণে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় স্কুলছাত্রের বাবা-মা আহত হন।
নিহত স্কুলছাত্রের নাম মো. রাব্বি (১৪)। সে স্থানীয় আবু কাশেমের ছেলে ও বিনোদপুর রামকুমার উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
রাব্বির মামাতো ভাই শামীম আহম্মেদ বলেন, গতকাল সন্ধ্যা সাতটার দিকে রাব্বি ঘরের টেবিলে বসে পড়াশোনা করছিল। এ সময় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর বয়লারের ধ্বংসাবশেষ ঘরের টিনের চালের ওপর পড়ে। চালের নিচে চাপা পড়ে রাব্বি মারা যায়। এ ঘটনায় আশপাশের আরও কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী বলেন, ওই চালকলের নাম নবী রাইস মিল। বয়লার বিস্ফোরণের ঘটনায় রাব্বি নিহত ও তার বাবা-মা আহত হন। তার বাবা-মাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চালকলের মালিক ইমরান পলাতক। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।