সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ীতে দুগ্ধ উৎপাদনকারী সমবায় প্রতিষ্ঠান মিল্ক ভিটার প্রধান দুগ্ধ কারখানার বয়লারে ত্রুটি দেখা দিয়েছে। কারখানার সূত্রগুলো বলছে, বিরতিহীনভাবে চলায় ও প্রয়োজনীয় সংস্কার না করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে যেকোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে।
মিল্ক ভিটা কর্তৃপক্ষ ও কারখানার একাধিক সূত্রে জানা যায়, মিল্ক ভিটার এ প্রধান দুগ্ধ কারখানায় দুটি বয়লার রয়েছে। যুক্তরাষ্ট্রের তৈরি পাঁচ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন বয়লারটি ১৯৯৮ সালে এবং ডেনমার্কের তৈরি ১০ মেট্রিক টন ক্ষমতাসম্পন্নটি ২০০১ সালে স্থাপন করা হয়। বয়লার দুটি প্রথম কয়েক বছর চলে জ্বালানি তেলে। পরে তা রূপান্তর করে গ্যাসে চালানোর উপযোগী করা হয়।
দীর্ঘদিন ধরে প্রায় বিরতিহীনভাবে চলতে থাকায় ২০১০ সালে ১০ টন ক্ষমতাসম্পন্ন বয়লারটির অভ্যন্তরীণ টিউবগুলো ছিদ্র হয়ে যায়। ওই ছিদ্র দিয়ে বের হওয়া পানিতে বয়লারের বিভিন্ন যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়। যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন সক্ষমতা অনেকাংশে কমে যায়। পরে ছিদ্রগুলো ঝালাই (ওয়েল্ডিং) করে কাজ চালানো হচ্ছে। অবশ্য বর্তমানে দুধ সংগ্রহের পরিমাণ কম হওয়ায় বড় এ বয়লারটি বন্ধ রাখা হয়েছে। তবে দুধ সংগ্রহের পরিমাণ বাড়লে এটিও চালু করতে হবে। চাপ অতিরিক্ত বৃদ্ধি পেলে এ বয়লারটি যেকোনো সময় বিস্ফোরিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে, সম্প্রতি গাজীপুরের টঙ্গী ও চট্টগ্রামে বয়লার বিস্ফোরণে প্রাণহানির ঘটনার পর মিল্ক ভিটায়ও এমন আতঙ্ক বিরাজ করছে।
প্রথম দিকে বয়লার দুটির প্রতিবছর সংস্কার (ডি-স্কেলিং) করা হতো। কিন্তু গত প্রায় চার বছর তা বন্ধ রয়েছে। কারণ সংস্কার করতে হলে বয়লার খুলতে হবে। তখন বয়লারের ভেতরে গায়ের অংশে লেগে থাকা মরিচা খুলে পড়বে। এতে টিউবগুলোতে ছিদ্রের সংখ্যা আরও বাড়বে।
এদিকে কারখানায় নতুন বয়লার স্থাপনের জন্য তিন দফায় দরপত্র আহ্বান করা হয়েছে। তবে কর্তৃপক্ষ আজও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি।
কারখানার কর্মকর্তারা জানান, বয়লারের ত্রুটির কথা উল্লেখ করে ২০১০ সালে ঢাকার তেজগাঁওয়ে মিল্ক ভিটার প্রধান কার্যালয়ে চিঠি পাঠানো হয়। তারপরেও সমস্যা সমাধানে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ পরিপ্রেক্ষিতে পুনরায় চিঠি দেওয়া হয়। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দুটি নতুন বয়লার (প্রতিটি ১০ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন) কিনতে দরপত্র আহ্বান করে। তবে তৎকালীন পরিচালনা কমিটির কর্মকর্তাদের মধ্যে ঐকমত্য না হওয়ায় ওই দরপত্র বাতিল করা হয়। ২০১৫ সালের ডিসেম্বরে পুনরায় দরপত্র আহ্বান করা হয়। সেটিও বাতিল করা হয়। এরপর চলতি বছরের মার্চে তৃতীয় দফায় দরপত্র আহ্বান করা হয়েছে। বর্তমানে সেটি মূল্যায়নের অপেক্ষায় রয়েছে।
মিল্ক ভিটার বাঘাবাড়ী কারখানার ব্যবস্থাপক মো. ইদ্রিস আলী বলেন, বড় বয়লারটির কিছু ত্রুটি দেখা দিয়েছে। পুরানো হওয়ায় এটির উৎপাদন সক্ষমতা কমে গেছে। এখন সংস্কার করাও কঠিন হয়ে পড়েছে। বর্তমানে দুধ সংগ্রহ কম হওয়ায় শুধু ছোট বয়লার চালু রাখা হয়েছে। বড় বয়লারটি বন্ধ রেখে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
মিল্ক ভিটার মহাব্যবস্থাপক (পরিকল্পনা, কারিগরি ও বিপণন) মো. খায়রুজ্জামান বলেন, ‘আমার সময়ে প্রথম দফায় যে দরপত্র আহ্বান করা হয়েছিল, প্রয়োজনীয় শর্ত পূরণ না হওয়ায় সেটি বাতিল করা হয়। দ্বিতীয় দফার দরপত্রটি মূল্যায়নের অপেক্ষায় আছে। আর ত্রুটিযুক্ত বয়লারটি নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’ মিল্ক ভিটার পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল হামিদ বলেন, ‘ইতিপূর্বে যাঁরা বয়লারের দায়িত্বে ছিলেন, তাঁরা সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। আমরা দায়িত্বে আসার সঙ্গে সঙ্গে নতুন বয়লার কেনার উদ্যোগ নিয়েছি। আমরা বর্তমান অবস্থায় ভালো প্রযুক্তির বয়লার কিনতে চাইছি। দরপত্র মূল্যায়ন শেষ হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’