বয়স কমাতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
প্রায় দুই দশক আগে একবার এসএসসি পাস করেছেন। এখন একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। কিন্তু নিজের বয়স কমাতে নাম পাল্টে আবার এসএসসি দেন এই শিক্ষক। তারপর এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের কাছে ধরা পড়েছেন। আদালত তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
পাবনার ফরিদপুর উপজেলা সদরের ভকেশনাল কলেজ কেন্দ্র থেকে গতকাল রোববার বিকেলে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম জিয়াউর রহমান। তিনি উপজেলার ডেমরা ইউনিয়নের ব্রি-কালিয়ানি গ্রামের আবদুর রশিদের ছেলে ও রতনপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। গতকাল গণিত ও পরিসংখ্যান বিষয়ের পরীক্ষা চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোমিন তাঁকে আটক করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও শাহ মোমিন বলেন, জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনে ওই ব্যক্তির নাম জিয়াউর রহমান। তিনি এ নামে সরকারি চাকরিও করছেন। নাম, ঠিকানা গোপন করে তিনি এবার আবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। প্রকৃত তথ্য গোপনের অপরাধে ১৯৮০ সালের পরীক্ষা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
জিয়াউর রহমানের বরাত দিয়ে ইউএনও বলেন, বয়স বেড়ে যাওয়ায় ওই শিক্ষক হতাশ ছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানান। বয়স কমাতে তাই তিনি ২০০৪ সালে জাহিদ হাসান নামে উন্মুক্ত শিক্ষাব্যবস্থায় এসএসসি পাস করেন। এবার এইচএসসি দিচ্ছিলেন।
পরীক্ষাকেন্দ্রের দায়িত্বরত শিক্ষকেরা জানান, জিয়াউর রহমান ১৯৯৬ সালে এসএসসি পাস করেন। ২০০৮ সালে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পান। তিনি এ বছর আবার জাহিদ হাসান নামে এইচএসসি দিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরীক্ষাকেন্দ্র থেকে তাঁকে আটকের পর বিকেলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে তাঁকে কারাগারে পাঠান আদালত।