বয়স গোপন করে চাকরি নেওয়ায় কর কর্মকর্তাকে বরখাস্তের আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের কর কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নুরুল আলমের বিরুদ্ধে বয়স গোপন করে চাকরি নেওয়ার অভিযোগের প্রমাণ পেয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ জন্য তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
সিটি করপোরেশন সূত্র জানায়, গত রোববার কর কর্মকর্তা নুরুল আলমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম এই চিঠি হাতে পান গত বুধবার। মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, নুরুল আলমের বিরুদ্ধে কম বয়সে চাকরির আবেদন দাখিল এবং চাকরি নেওয়ার অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, মো. নুরুল আলম সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের ২ নম্বর সার্কেলের কর কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োজিত আছেন। সম্প্রতি তাঁর বিরুদ্ধে কম বয়সে চাকরিতে আবেদন করা এবং চাকরি নেওয়ার অভিযোগ ওঠে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এই অভিযোগ তদন্ত করে। তদন্তে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার শাখার পরিচালক দীপক চক্রবর্তী।
তদন্তে নেতৃত্ব দেওয়া দীপক চক্রবর্তী গতকাল শনিবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নুরুল আলমের বিরুদ্ধে বয়স গোপন করে চাকরি নেওয়ার অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ের নির্দেশের পরিপ্রেক্ষিতে নুরুল আলমকে আজ রোববার সাময়িক বরখাস্ত করা হবে।