ছাব্বির মিয়া এবার কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের টুকচানপুর লুন্দিয়া চরপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) অংশ নেবে। সমাপনী পরীক্ষার তালিকাভুক্তি ফরমে (ডিআর) তার জন্মতারিখ দেওয়া আছে ২৮ ফেব্রুয়ারি, ১৯৯৭। সে অনুযায়ী ছাব্বির সমাপনী সম্পন্ন করবে ১৬ বছর ১০ মাসে। ২০১৬ সালে সে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা দেবে। তখন ছাব্বিরের বয়স দাঁড়াবে ১৮ বছর ১০ মাস।পরিবারের সদস্যদের দাবি, ছাব্বিরের বয়স এখন ১৩ বছর চলছে। ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে কর্মীরা এসে কাউকে কিছু জিজ্ঞেস না করে লিখে নিয়ে যাওয়ায় আজ বয়স নিয়ে সমস্যায় পড়তে হয়েছে।শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, পিএসসিতে নির্দিষ্ট বয়সসীমা না থাকলেও অষ্টম শ্রেণীর নিবন্ধনের বয়সসীমা রয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা আছে, পরীক্ষার বছরের ১ জানুয়ারিতে ১১ বছরের বেশি এবং ১৬ বছরের কম বয়সী শিক্ষার্থীরা জেএসসি পরীক্ষার তালিকাভুক্তি ফরমে নাম অন্তর্ভুক্ত করতে পারবে। এর ব্যতিক্রম হলে জেএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না।অনুসন্ধানে জানা গেছে, ভৈরব উপজেলায় পিএসসির ছয় হাজার ৮০৪ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় অর্ধেক বয়স জটিলতার কারণে আগামীবার জেএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না। সারা দেশের চিত্রও প্রায় একই রকম বলে শিক্ষা কর্মকর্তারা ধারণা করছেন। বিষয়টি নিয়ে উপজেলা শিক্ষা দপ্তর ও অভিভাবকেরা চিন্তিত হয়ে পড়েছেন।সহকারী থানা শিক্ষা কর্মকর্তা এস এম জহিরুল হাসান বলেন, ‘আমরা যখন দেখলাম, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সময় অসংখ্য শিক্ষার্থীর বয়স ১৮ থেকে ২০ হয়ে যায়, তখন শিক্ষকদের মাধ্যমে নিবন্ধনে ভুল আছে কি না খতিয়ে দেখতে তাগিদ দিই। এ কারণে আমাদের উপজেলায় ডিআর ফরম পূরণ সম্পন্ন হতে বেশি সময় লেগেছে। এরই মধ্যে কিছু শিক্ষার্থী সংশোধিত জন্মনিবন্ধন করিয়ে সমস্যা থেকে পার পেয়েছে।’উপজেলা শিক্ষা কার্যালয় সূত্র জানায়, এবার ইবতেদায়িসহ উপজেলায় পিএসসি পরীক্ষার্থী আছে ছয় হাজার ৮০৪ জন। এর মধ্যে প্রায় ১০০ জন পরীক্ষার্থী রয়েছে, যাদের জন্মতারিখ দেওয়া হয়েছে ১৯৯৫ থেকে ১৯৯৬ সাল। অর্থাৎ তারা সমাপনী দিচ্ছে ১৮ থেকে ১৯ বছরে। আর জেএসসির সময় তাদের বয়স দাঁড়াবে ২০ থেকে ২১ বছর। ১৯৯৫ থেকে ১৯৯৯ সালে জন্ম এমন শিক্ষার্থীর সংখ্যা প্রায় দুই হাজার। ভবিষ্যতে আইনি জটিলতার কথা ভেবে বিদ্যালয়গুলোকে সতর্ক করে শিক্ষা কার্যালয় থেকে সংশোধনের তাগিদ দেওয়া হয়। এরপর এ নিয়ে শুরু হয় হইচই। অনুসন্ধানে জানা গেছে, সরকার জন্মনিবন্ধনের ওপর জোর দেওয়ার পর ইউনিয়ন ও পৌর পরিষদের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জন্মনিবন্ধন করান। ওই সময় তথ্য সংগ্রহের ক্ষেত্রে কর্মীরা অনেকে উদাসীনতার পরিচয় দিয়েছেন। আবার অভিভাবকেরা সঠিক তথ্য দেননি। ভবিষ্যতে বিদেশে গিয়ে শিশুশ্রমের জটিলতায় যেন পড়তে না হয় তার জন্য আগে থেকে বয়স বাড়িয়ে রাখা হয়েছিল। আবার অনেকে বিষয়টি গুরুত্বহীন ভেবে যা বলতে ইচ্ছে করেছে তা-ই বলে কর্মীদের বিদায় করেছেন।এক অভিভাবক বলেন, ‘আমার মেয়ে এবার সমাপনী দেবে। ২০০১ সালে জন্মেছিল। তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেব, এমন চিন্তা থেকে ১৯৯৫ সালের ২ জুন তারিখ দিয়ে জন্মনিবন্ধন করিয়েছি।’উপজেলার আগানগর ইউপির চেয়ারম্যান সেলিম আহমেদ প্রথম আলোকে বলেন, ‘মানুষের জন্মতারিখ একটি। দ্বিতীয়বার জন্মনিবন্ধনের সুযোগ নেই। অথচ দলে দলে অভিভাবকেরা এসে বয়স কমিয়ে আবার নিবন্ধন করে দিতে চাপ দেন, কিন্তু দিতে পারিনি। শুধু এ কারণে আমার অনেক ভোট কমে যাবে।’