বয়স নিয়ে দুশ্চিন্তায় পদপ্রত্যাশীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলন হবে আগামী ১০ ও ১১ জুলাই।গতকাল বুধবার সংগঠনের পক্ষ থেকে এই তারিখ ঘোষণা করার পর বয়স নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ছাত্রলীগের পদপ্রত্যাশীরা।ছাত্রলীগের গঠনতন্ত্রের ৫(ক) ধারা অনুযায়ী, সর্বোচ্চ ২৭ বছর বয়সী ছাত্রছাত্রীরা সংগঠনের সদস্য ও নেতা হতে পারবেন। কিন্তু ২০০৬ সালের এপ্রিলে ছাত্রলীগের সর্বশেষ সম্মেলনের সময় নেতাদের বয়সসীমা দুই বছর বাড়িয়ে ২৯ করা হয়। তখন শেখ হাসিনার নির্দেশে বয়সসীমা বাড়ানো হয় বলে দলীয় সূত্র জানায়।দুই বছরের জন্য নির্বাচিত বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে তিন বছর আগে। এখন আগামী মাসের সম্মেলনকে ঘিরে বয়সসীমার বিষয়টি ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছে। গঠনতন্ত্র অনুযায়ী, নেতাদের বয়সসীমা ২৯ বছর থাকবে, নাকি আবারও বাড়ানো হবে, সেটাই তাঁদের প্রধান জিজ্ঞাসা।এ ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান কোনো মন্তব্য করতে রাজি হননি। অবশ্য ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি শাহাদত হোসেন প্রথম আলোকে বলেন, পাঁচ বছর ধরে সম্মেলন হয়নি। ২০০৬ সালে যাঁর বয়স ছিল ২৭, এখন তাঁর বয়স ৩২। জেলা কমিটিগুলোও হয়েছে ২৯ বছর বয়সীদের দিয়ে। তাই কেন্দ্রীয় কমিটির শীর্ষস্থানীয় নেতাদের বয়সসীমা ৩১ থেকে ৩২ বছর হওয়া উচিত বলে তিনি মনে করেন।তবে সংগঠনের তরুণ নেতা-কর্মীরা বয়সসীমা বাড়ানোর বিপক্ষে। এ ছাড়া সম্মেলনে নেতা নির্বাচন কি জেলা কমিটিগুলোর ভোটের মাধ্যমে হবে, নাকি অন্য কোনো উপায়ে হবে, তা নিয়েও প্রশ্ন আছে নেতা-কর্মীদের মধ্যে।সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, বয়সসীমা নিয়ে এই দুশ্চিন্তার কারণেই কেন্দ্রীয় কমিটির সম্মেলনের আগেই ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলন শেষ করতে চায়। ৩০ জুন বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলনের তারিখ ঠিক করা হয়েছে। জানতে চাইলে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শেখ সোহেল রানা প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রীয় কমিটির আগেই বিশ্ববিদ্যালয়ের সম্মেলন করব।’