বয়স বাড়াতে জাতীয় পরিচয়পত্র জাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পরিচয়পত্র জাল করে বয়স বাড়িয়ে বয়স্ক ভাতা কার্ড নেওয়ার আবেদন করার অভিযোগে ৪২ জনের পরিচয়পত্র জব্দ করা হয়েছে। এর মধ্যে ১৮ জনের পরিচয়পত্র জাল বলে প্রমাণিত হয়েছে। রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এ ঘটনা ঘটেছে। উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, বয়স্ক ভাতার জন্য সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান স্বাক্ষরিত ৫৮ জনের একটি তালিকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ গত ২০ এপ্রিল সমাজসেবা কার্যালয়ে জমা দেওয়া হয়। বয়স বৃদ্ধি করতে জাল জাতীয় পরিচয়পত্র জমা দেওয়ার বিষয়ে সন্দেহ দেখা দিলে ৪২ জনের জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়। এর মধ্যে ১৮ জনের পরিচয়পত্র জাল প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন সমাজসেবা কর্মকর্তা জয়নাল আবেদীন। জাতীয় পচিয়পত্র জালিয়াতি করে বয়স বাড়ানোর বিষয়ে ৪ নম্বর ওয়ার্ডের ফাতেমা বেগম বলেন, ‘মুই মূর্খ মানুষ। এমন করি নাকি বয়স বাড়ে দিয়া কার্ড নিছে। মোকও একজন কইল তোর কার্ডটা দে, আর কিছু টাহা খরচ লাগবে। আর কিছু মুই কবার পাও না।’ এ ব্যাপারে গঙ্গাচড়া সদর ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়াম্যান আনোয়ারুল ইসলাম বলেন, বয়স বাড়াতে জাতীয় পরিচয়পত্র জাল করার বিষয়টি তাঁর ধারণাতেই ছিল না। তিনি সরল মনে জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু সায়েম বলেন, তদন্তে বয়স বৃদ্ধির সত্যতা মিলেছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়নাল আবেদিন বলেন, ইউপি চেয়ারম্যানের দেওয়া তালিকা থেকে এ পর্যন্ত ১৮ জনের জাতীয় পরিচয়পত্র জালের ঘটনা ধরা পড়েছে। সাধারণত বয়স্ক ভাতা দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম ৬৫ বছর বয়স নির্ধারণ করা হয়। আবেদনকারীরা বয়স বৃদ্ধি করতে জাতীয় পরিচয়পত্র জাল করে বয়স বাড়িয়েছেন বলে তিনি মন্তব্য করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি একটি অপরাধ। এ ব্যাপারে তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।