বয়স বাড়িয়ে বসানো হলো বিয়ের পিঁড়িতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তম শ্রেণীতে পড়ুয়া মেয়েটির বয়স ১৩ বছর পাঁচ মাস। অথচ নোটারি পাবলিকের মাধ্যমে বয়স পাঁচ বছর বাড়িয়ে তাকে বসানো হলো বিয়ের পিঁড়িতে, পাঠানো হলো শ্বশুরবাড়িতে। গত শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিতলা ইউনিয়নের রুইতনপুর গ্রামে বাল্যবিবাহের এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে এনজিও প্রতিনিধিসহ সামাজিক নেতারা বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে গেলেও নোটারি পাবলিকের ওই সনদের কারণে তাঁরা ফিরে যান।খোঁজ নিয়ে জানা গেছে, রুইতনপুর গ্রামের ওই মেয়েটি স্থানীয় সিএইচআর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের সিদ্দিক আলীর ছেলে সোনা মিয়ার সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে ঠিক হয়। ইউপি চেয়ারম্যানের দেওয়া জন্মসনদ অনুযায়ী মেয়ের বয়স ১৩ বছর পাঁচ মাস। এ কারণে বিবাহ নিবন্ধনকারী (কাজি) খলিলুর রহমান জানিয়ে দেন, জন্মসনদে মেয়ের বয়স ১৮ বছর না হলে বিয়ে পড়াবেন না। পরে মেয়ের বাবা চুয়াডাঙ্গায় নোটারি পাবলিকের কার্যালয়ে বয়স বাড়ানোর জন্য গেলে তারা অপারগতা জানায়। এমতাবস্থায় ১৬ ডিসেম্বর পাশের মেহেরপুর জেলার নোটারি পাবলিক মুনিরা হাসানের কাছ থেকে অ্যাফিডেভিটের মাধ্যমে বয়স পাঁচ বছর বাড়িয়ে আনা হয়। ওই অ্যাফিডেভিটে লেখা হয়েছে, ‘ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া জন্মনিবন্ধন সনদপত্রে জন্মতারিখ সঠিকভাবে লিপিবদ্ধ না হয়ে ভুলক্রমে ১০ জুন, ১৯৯৯ লেখা হয়েছে। প্রকৃতপক্ষে মেয়েটির জন্মতারিখ ১০ জুন, ১৯৯৪।’ এরপর শুক্রবার মেয়ের বাবার বাড়িতে বিয়ে সম্পন্ন হয়। বিয়ে পড়ান স্থানীয় মসজিদের ইমাম আবদুল মালেক। তিনি রুইতনপুর সিএইচআর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আবদুল মালেক বলেন, ‘মেয়েটি সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিয়েছে। এবার অষ্টম শ্রেণীতে উঠবে। বয়স কম জেনে আমি বিয়ে পড়াচ্ছিলাম না। কাগজপত্রে বয়স বেশি থাকায় এবং গ্রাম্য মাতবর তক্কেল আলী ও বুলবুল আহমেদের উপস্থিতিতে বিয়ে পড়ানো হয়।’ কাজি খলিলুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। চিতলা ইউপির চেয়ারম্যান জিল্লুর রহমান বলেন, ‘রুইতনপুর গ্রামের ওই মেয়ের বাবা মেয়ের বয়স বাড়িয়ে জন্মসনদ চাইলেও দেওয়া হয়নি।’মেয়ের বাবা জানান, ‘ভালো ছেলে হাতছাড়া হয়ে যাবে, তাই মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে।’