বয়স ৬৫ তাতে কী, হেসেখেলে পড়ছেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথার সব চুল পেকে সাদা। চামড়ায় বয়সের ভাঁজ। দৃষ্টির তীক্ষ্ণতাও কমে এসেছে। বয়সের ভারে নুয়ে পড়েছে দেহ। তবে নুয়ে পড়েনি ইচ্ছাশক্তি। তাই প্রতিদিন সকাল হলেই বই-খাতা নিয়ে বেরিয়ে পড়েন। খুদে সহপাঠীদের সঙ্গে হেঁটে হেঁটে বিদ্যালয়ের পথ ধরেন। বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে এবড়োখেবড়ো পথ পেরিয়ে বিদ্যালয়ে যান। পাঁচ বছর ধরে তিনি এভাবেই নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছেন। তবে শিক্ষকের স্থানে নয়, তিনি বসেন শিক্ষার্থীদের সঙ্গে। কারণ, তিনিও ছাত্রী।

৬৫ বছর বয়সী মোছা. বাছিরন নেছা এভাবেই বার্ধক্যকে জয় করে জ্ঞানের আলো ধারণ করছেন। তাঁর বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামে মাঠপাড়ায়। গ্রামের পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী তিনি। ২০ নভেম্বর সহপাঠীদের সঙ্গে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেবেন। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে মোট শিক্ষার্থীর সংখ্যা ছয়। শ্রেণির সর্বশেষ রোল নম্বরটি বাছিরন নেছার। বিদ্যালয়ের শিক্ষকদের চেয়ে প্রায় দ্বিগুণ বয়সী তিনি। কিন্তু বেশি বয়সী এই ছাত্রীকে নিয়ে আনন্দ-উৎসাহের কমতি নেই শিক্ষক-শিক্ষার্থীদের। পড়াশোনায় তাঁর এই আগ্রহ সমানভাবে সমাদৃত হচ্ছে পরিবার ও গ্রামের অন্যদের মধ্যেও।

বাছিরন নেছার সকাল
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে মাঠপাড়ায় বাছিরন নেছার বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। পুত্রবধূ জাহানারা খাতুন জানান, তাঁর শাশুড়ি জুলেখাদের বাড়িতে প্রাইভেট পড়তে গেছেন। বাছিরন নেছার বাড়ি থেকে প্রায় ৭০০ গজ দূরে জুলেখাদের বাড়ি। সেখানে গিয়ে দেখা গেল, বাড়ির উঠানে বাঁশের মাচায় বসে অসমবয়সী দুজন হুয়ায়ুন আজাদের কবিতা ‘বইয়ের পাতায় প্রদীপ জ্বলে, বইয়ের পাতা স্বপ্ন বলে’ পড়ছে। ১২ বছর বয়সী জুলেখা বছিরনকে পড়াচ্ছে। মেয়েটি বাছিরন নেছার সহপাঠী। মাস খানেক ধরে জুলেখার কাছে প্রাইভেট পড়ছেন বাছিরন নেছা। পড়া শেষে বাড়ি ফিরে এসে পুত্রবধূকে সংসারের কাজে সহযোগিতা করে বিদ্যালয়ে যাওয়ার প্রস্তুতি নেন।

‘যতক্ষণ জ্ঞান থাকে পড়ব’ 
জুলেখার কাছে পড়া শেষ করে বাড়ি ফেরেন বাছিরন নেছা। বাড়িতে বসেই কথা হয় অদম্য এই নারীর সঙ্গে।

বাছিরন নেছা জানালেন, কোরআন শরিফের অর্থ জানতেই মূলত বাংলা পড়তে আসা। বিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেন। এরপর থেকেই পড়া শুরু করেন। আগে বাংলা কিছুই পড়তে পারতেন না। লিখতেও পারতেন না। এখন সবই পারেন।

বাছিরন নেছা বললেন, পড়াশোনা করলে মন পরিষ্কার হয়। দেহ পরিষ্কার হয়। দেহের উপকার হয়। তাঁকে দেখে অন্যরা শিখবেও। পড়াশোনা জানা থাকলে কথাবার্তাও পরিষ্কার হয়। বললেন, ‘যত পড়ব, তত ভালোভাবে কথা বলতে পারব।’

সহপাঠী জুলেখার কাছে পড়ছেন বাছিরন নেছা। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: তৌহিদী হাসান।
সহপাঠী জুলেখার কাছে পড়ছেন বাছিরন নেছা। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: তৌহিদী হাসান।

অনেক দূর পড়ার আগ্রহ রয়েছে জানিয়ে বললেন, ‘পাস করি ফেল করি, আমি পরীক্ষা দিব। স্বপ্ন আছে প্রাথমিকে পাস দিয়ে মাধ্যমিক বিদ্যালয়ে পড়ব। এ জন্য বাড়িতে ও স্কুলে পড়াশোনায় মনোযোগ দিছি। যতক্ষণ জ্ঞান থাকে, পড়ে যাব।’

বাছিরন নেছার বড় ভাই আমিরুল ইসলাম (৭০) বলেন, খুব ছোটবেলায় একই গ্রামের রইল উদ্দীনের সঙ্গে বাছিরনের বিয়ে হয়। প্রায় ৩০ বছর আগে রইল উদ্দীন মারা যান। বাছিরন ছোটবেলায় আরবি পড়েছিলেন। বাংলা পড়তে পারেননি। দুই মেয়ে ও এক ছেলের বিয়ে হয়েছে। ছেলের সঙ্গেই তিনি থাকেন।

বাছিরন নেছার ভাবী নিছারন নেছা বলেন, ‘বাছিরনের পড়াশুনা দেইখি হাসি নাগে। তারপরও ভালো নাগছে। ও স্কুলে যায়ছে। কুন জায়গায় গেলেও বইয়ের কাছে থাকে। চিষ্টা করি যায়। খাইতেও না দিলে বই নি স্কুলে চলি যায়।’

বাছিরনের ছেলে মহির উদ্দীন সপ্তম শ্রেণি পর্যন্ত পড়েছেন। এখন কৃষিকাজ করেন। তিনি বললেন, এই বয়সে মায়ের লেখাপড়া করার বিষয়টি নিয়ে তাঁর গর্ব হয়।

নানির পড়ালেখায় আগ্রহ দেখে খুব ভালো লাগে বলে জানালেন বাছিরন নেছার বড় মেয়ের ছেলে জসিম উদ্দীন। মেহেরপুর সরকারি কলেজে সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র তিনি। বললেন, নানির পড়ার আগ্রহ দেখে ভালো লাগে। নানিকে পড়ার জন্য সহযোগিতাও করেন।

স্কুলের প্রধান শিক্ষক আতিয়ার রহমান বলেন, পাঁচ বছর আগে প্রথম শ্রেণিতে ভর্তি হন বাছিরন নেছা। নিয়মিত ক্লাস করেন তিনি। কখনো স্কুল ফাঁকি দেন না। তাঁর পড়ার আগ্রহ প্রবল। তবে ইংরেজি ও গণিতে একটু দুর্বল।

সহপাঠীরা জানায়, ক্লাসের বেশির ভাগ ছাত্রছাত্রী নাম ধরে ডাকে বাছিরন নেছাকে। এতে রাগ করেন না তিনি। এমনকি অন্য শিশুদের সঙ্গে স্কুল প্রাঙ্গণে খেলাধুলাও করেন।

মেহেপুরের গাংনীর প্রত্যন্ত এক গ্রামের ৬৫ বছর বয়সী বাছিরন নেছা এভাবেই প্রতিদিন বই-খাতা নিয়ে বিদ্যালয়ে যান। গ্রামের বিদ্যালয়ে তিনি পঞ্চম শ্রেণিতে পড়েন। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: তৌহিদী হাসান।
মেহেপুরের গাংনীর প্রত্যন্ত এক গ্রামের ৬৫ বছর বয়সী বাছিরন নেছা এভাবেই প্রতিদিন বই-খাতা নিয়ে বিদ্যালয়ে যান। গ্রামের বিদ্যালয়ে তিনি পঞ্চম শ্রেণিতে পড়েন। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: তৌহিদী হাসান।