রাঙামাটি জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা অবশেষে শিথিল করা হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে সংশোধিত পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুণেন্দু ত্রিপুরা জানান, রাঙামাটির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদে ৩২৩ জন সহকারী শিক্ষক নিয়োগে গত ১২ ফেব্রুয়ারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে স্থানীয় অধিবাসীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলের নিয়ম তুলে দেওয়া হয়। এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়।
অরুণেন্দু ত্রিপুরা বলেন, ‘বিষয়টি নিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। পরে মন্ত্রণালয় থেকে জেলা পরিষদের ওপর সিদ্ধান্তের ভার ছেড়ে দেওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে বয়সসীমা শিথিলের নিয়ম নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে সংযোজন করা হয়।’ পুনর্নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৩১ মার্চ।