বয়সসীমার কারণে প্রশিক্ষণ থেকে বঞ্চিত শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে প্রশিক্ষণ নিতে পারছেন না। চলতি বছর থেকে আইসিটি প্রশিক্ষণার্থীদের বয়স ৪০ বছর নির্ধারণ করে দেওয়ায় ওই শিক্ষকেরা বাদ পড়ে যান।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছাইয়্যাদুজ্জামান বলেন, ভোলা জেলায় এক হাজার ৩১টি প্রাথমিক বিদ্যালয় আছে। বয়সসীমার কারণে এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কেউ-ই আইসিটি প্রশিক্ষণ নিতে পারবেন না। তাঁদের সঙ্গে বাদ পড়বেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরাও।
কয়েকজন শিক্ষক জানান, জেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিআই) এ সিদ্ধান্তে তাঁরা ক্ষুব্ধ। শিগগিরই আন্দোলনে যাবেন। শিক্ষকদের দাবি, প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বাধ্যতামূলকভাবে আইসিটি প্রশিক্ষণ দিতে হবে। আর সহকারী শিক্ষকদের মধ্যে যাঁদের বয়স ৫০ বছর বা এর কম তাঁদেরও প্রশিক্ষণটির আওতায় নিতে হবে।
ভোলা সদর উপজেলার কালিকৃর্তি নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির উদ্দিন বলেন, ‘প্রধান শিক্ষকেরই যদি তথ্যপ্রযুক্তি সম্পর্কে ধারণা না থাকে, তাহলে বিদ্যালয় চলবে কী করে? প্রযুক্তি শিক্ষার দিক থেকে ওই বিদ্যালয় পিছিয়ে পড়বে। প্রযুক্তি শিক্ষা নিশ্চিত করতে প্রধান শিক্ষকদের বাধ্যতামূলকভাবে আইসিটি প্রশিক্ষণ দেওয়া উচিত।’
জেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সদস্যসচিব দিলীপ মণ্ডল বলেন, ‘প্রধান শিক্ষকের নিয়োগই হয় ৩৫ বছর বয়সে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে অনেক বয়স্ক শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শুধু প্রাথমিক বিদ্যালয়ে নতুন নতুন নিয়ম হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘সহকারী শিক্ষক যতই দক্ষ হোক, প্রধান শিক্ষককেই সব কাজের দায়িত্ব নিতে হয়। তাই তাঁদের অবশ্যই প্রশিক্ষণ দেওয়া উচিত।’
জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও দক্ষিণ গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন বলেন, ‘এর আগে ৪৫-৫০ বছরের শিক্ষকও প্রশিক্ষণে অংশ নিয়েছেন। আমাদের দাবি, প্রধান শিক্ষকদের পাশাপাশি অনূর্ধ্ব ৫০ বয়সের সব শিক্ষককে আইসিটি প্রশিক্ষণের আওতায় আনা হোক।’
ভোলা পিটিআইএর সুপারিনটেনডেন্ট শবনম শারমিন বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নিয়ম করা হয়েছে, অনূর্ধ্ব ৪০ বয়সী শিক্ষকেরাই আইসিটি প্রশিক্ষণে অংশ নেবেন। এর আগে চারটি দলে (ব্যাচে) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা বেশি বয়সের শিক্ষক ও প্রধান শিক্ষকদের প্রশিক্ষণে পাঠিয়েছেন। সেখানে তাঁর কোনো হাত ছিল না। তবে তিনিও শিক্ষকদের দাবিকে সমর্থন করেন।
জেলা প্রশাসক মো. সেলিম রেজা বলেন, প্রধান শিক্ষকদের এই প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা দরকার।