বয়স্ক ও বিধবা ভাতার টাকা তুলতে বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বেতাগী উপজেলায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা তুলতে এসে সীমাহীন ভোগান্তি পোহাচ্ছেন সুবিধাভোগীরা। ভাতা নিতে এসে ব্যাংকের সামনে খোলা জায়গায় দিনভর লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। ভুক্তভোগীদের দাবি, ইউনিয়ন পর্যায়ে কৃষি ব্যাংকগুলোর শাখা থেকে এসব ভাতা বিতরণ করা হলে তাঁদের ভোগান্তি অনেকটা লাঘব হবে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত এপ্রিলে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা ভাতার অর্থ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-সদস্যদের সমন্বয়ে বিতরণের ব্যবস্থা করার জন্য প্রস্তাব দেন। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ তাদের জনবলের স্বল্পতা ও নিরাপত্তার প্রশ্ন তোলায় এ সিদ্ধান্ত কার্যকর করা যায়নি।গত মঙ্গলবার দুপুরে অগ্রণী ব্যাংক বেতাগী শাখা কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, প্রচণ্ড রোদে খোলা জায়গায় বসে আছেন প্রায় ১০০ নারী-পুরুষ। পেটে ক্ষুধা আর প্রচণ্ড গরমে হাঁপিয়ে উঠেছেন তাঁরা। গাবতলী গ্রামের রসুল আলী নামের এক প্রবীণ জানান, সরিষামুড়ি থেকে বেতাগী উপজেলা সদরের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। যোগাযোগব্যবস্থাও ভালো নয়। পায়ে হেঁটে তারপর বাসে অথবা টেম্পোতে বেতাগী যাতায়াতে তাঁদের ১৫০ টাকা ব্যয় হয়। তিনি বলেন ‘বাবা, এই অবস্থা নতুন না, পেরতেক বারই এই রহম সকাল অইতে রাইত পর্যন্ত মোগে ব্যাংকের দরজায় বইয়্যা থাকতে অয়। বেয়ানে বাড়ি দিয়া আই, রাইতে বাড়ি যাই। কী যে কষ্ট, কইতে পারি না।’ একই এলাকার আয়শন বিবি বলেন, ‘মোরা গরিব মানুষ, সরকার এই কয়ডা টাহা দেয় বইল্লা একটু আছান (রক্ষা) পাই। কিন্তু আইতে-যাইতে একটা দিন শ্যাষ। হ্যারপর ১৫০-২০০ টাহা খরচ অয়। এই টাহাডা যদি মোগো ইউনিয়ন পরিষদ দিয়া দেতো, তয় এত কষ্ট অইতো না।’ ভানু বিবি নামের বদনীখালীর আরেকজন বলেন, ‘সকালবেলা না খাইয়্যা বাড়ি দিয়া আইছি। কতকুনে (কখন) টাহা পামু, কইতে পারি না। অনেক সময় রাইতও অইয়্যা যায়।’উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের চার হাজার ৪৯১ জন বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতার সুবিধা পাচ্ছেন। এর মধ্যে দুই হাজার ৮৪২ জন বয়স্ক এবং এক হাজার ৬৪৯ জন বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা পান। উপজেলায় অগ্রণী ও সোনালী ব্যাংক থেকে এ ভাতা বিতরণ করা হয়। ভাতাপ্রাপ্তদের বিড়ম্বনার কথা স্বীকার করে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সংশ্লিষ্ট ইউনিয়নে একটি করে কেন্দ্রে চেয়ারম্যান-সদস্যদের সমন্বয়ে স্ব স্ব ইউনিয়নে বসে যেন ভাতার অর্থ বিতরণ করা হয়—এমন একটি প্রস্তাব উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভায় তিনি উত্থাপন করেছিলেন। কিন্তু ব্যাংকের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। পরে ব্যাংক কর্তৃপক্ষ লোকবল ও নিরাপত্তার প্রশ্ন তোলায় বিষয়টি আর এগোয়নি।সোনালী ব্যাংকের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, তাঁদের শাখা থেকে সাতটি ইউনিয়নের ভাতাপ্রাপ্তদের অর্থ বিতরণ করায় তাঁদের ওপর বাড়তি চাপ পড়ছে। এর পাশাপাশি মুক্তিযোদ্ধা ভাতা, পেনশন ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষক ও অন্যান্য বেতন-ভাতা প্রদান করতে হয়। ইউনিয়ন পর্যায়ে কৃষি ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে এই অর্থ বিতরণের ব্যবস্থা নিলে ভাতাপ্রাপ্তদের দুর্ভোগ কমবে বলে তিনি স্বীকার করেন।অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মাজাহারুল কবির বলেন, ভাতা বিতরণে তাঁদের হিমশিম খেতে হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সমন্বয়ে ইউনিয়ন পযার্েয় এসব ভাতা বিতরণ করা হলে বয়স্কদের ভোগান্তি কাটিয়ে ওঠা সম্ভব।বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম কবীর বলেন, ‘বিষয়টি আমাদের সক্রিয় বিবেচনায় রয়েছে। আমরা অচিরেই এই ভোগান্তি লাঘবে সব পক্ষকে নিয়ে আলোচনা করে পদক্ষেপ নেব।’