বয়স্ক ও বিধবা ভাতার নামে ৫০০ নারীর সঙ্গে প্রতারণা
একটি প্রতারকচক্র বয়স্ক ও বিধবা ভাতা দেওয়ার কথা বলে শরীয়তপুরের বিভিন্ন গ্রামের দুস্থ নারীদের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পাঁচ শতাধিক মহিলা চক্রটির প্রতারণার শিকার হয়েছেন।স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার বিভিন্ন গ্রামে একটি চক্র সমাজসেবা অধিদপ্তর থেকে বয়স্ক ও বিধবা ভাতা দেওয়ার কথা বলে পাঁচ শতাধিক মহিলার প্রত্যেকের কাছ থেকে দুই হাজার টাকা করে নিয়েছে। তারা দুস্থ মহিলাদের প্রতি তিন মাস অন্তর অন্তর ছয় হাজার করে টাকা দেওয়ার লোভ দেখায়। এই চক্রটি টাকা নিয়ে দুস্থদের জেলা সমাজসেবা কার্যালয়ের নকল পাস বই ও সোনালী ব্যাংকের নকল রসিদ প্রদান করেছে। অক্টোবর ও নভেম্বর মাসে এ টাকা নেওয়া হয়। চক্রটি ডিসেম্বরের ২ তারিখে সোনালী ব্যাংক শরীয়তপুর শাখা থেকে দুস্থদের ভাতার টাকা উত্তোলনের কথা বলে। ভুক্তভোগীরা ব্যাংকে গিয়ে জানতে পারেন, তাঁরা প্রতারণার শিকার হয়েছেন। রুদ্রকর ইউনিয়নের মাকশাহার গ্রামের হালিমন নেছা ও রসমালা বিবি জানান, অপরিচিত দুই লোক বয়স্ক ভাতা দেওয়ার নামে আমাদের পাস বই দিয়েছে। সঞ্চয় জমা নেওয়ার কথা বলে দুই হাজার টাকা নিয়েছে। আঙ্গারিয়া ইউনিয়নের ভাষান চর গ্রামের লাইলি বেগম বলেন, এ এলাকার অনেক মহিলা আমার মতো এ চক্রটির প্রতারণার শিকার হয়েছেন।রুদ্রকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন তালুকদার বলেন, দুস্থ নারীদের প্রতারিত হওয়ার কথা শুনেছি। ইউপি সদস্য ও চৌকিদারদের মাধ্যমে গ্রামে প্রচারণা চালাচ্ছি, যাতে এ ধরনের প্রতারণার ফাঁদে আর কেউ যেন পা না দেন।সোনালী ব্যাংক, শরীয়তপুর সদর শাখার ব্যবস্থাপক সারোয়ার হোসেন বলেন, প্রতারকচক্রটি ব্যাংকের নকল রসিদ ও সিল ব্যবহার করেছে। মানুষের কথায় বিশ্বাস করে টাকা দেওয়া ঠিক নয়। শরীয়তপুর জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, বয়স্ক ও বিধবা ভাতা প্রদানের তালিকা ইউনিয়নের বাছাই কমিটি উপজেলা কমিটিতে পাঠায়। তাঁরা চূড়ান্ত করে জেলা হিসাবরক্ষণ কার্যালয়ে পাঠায়। তারপর পাস বই তৈরি হয় এবং তালিকা ব্যাংকে যায়। এর বাইরে ব্যাংক ও সমাজসেবা কার্যালয়ের মাঠ পর্যায়ে আর কোনো কাজ নেই। এরকম প্রতারণার খবর আগেও আমরা পেয়েছি। চক্রটিকে ধরার জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে অনুরোধ করেছি।