বয়স্ক তিন ভিক্ষুকের ভাগ্যে জোটেনি ভাতার কার্ড

লালমনিরহাটের আদিতমারীর মহিষখোচা ইউনিয়নের তিন ভিক্ষুকের ভাগ্যে এখনো জোটেনি বয়স্ক ভাতার কার্ড। তাঁরা হলেন গোবরধন গ্রামের মফিজ উদ্দিন (৮৯), দক্ষিণ বালাপাড়া গ্রামের আছিয়া খাতুন (৮০) ও বারঘড়িয়া গ্রামের জাহেদা বেগম (৯০)।
মফিজের ১০ সন্তানের মধ্যে বর্তমানে তিন ছেলে ও তিন মেয়ে বেঁচে থাকলেও তাঁরা বাবা-মায়ের খোঁজ নেন না। বাধ্য হয়ে মফিজ স্ত্রী জমিলা খাতুনকে সঙ্গে নিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করেন। মফিজ আক্ষেপ করে বলেন, ‘বয়স্ক ভাতা, ভিজিডি কার্ডের কোনোটাই হামরা (আমরা) পাইনো না (পেলাম না), কত বুড়া হইলে বয়স্ক ভাতা (কার্ড) পাইমো (পাবো) বাবা।’
আছিয়ার স্বামী মফিজ উদ্দিন প্রায় আট বছর আগে মারা গেছেন। তিন ছেলে ও এক মেয়ে থাকলেও ছেলেরা তাঁর খোঁজ নেন না। একমাত্র মেয়েও দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে স্বামীর বাড়িতে পড়ে আছেন। টাকার অভাবে মেয়ের চিকিৎসা করা যাচ্ছে না। অসুস্থ মেয়েকে মাঝেমধ্যে দেখতে যেতে হয়। তিনি বলেন, ‘বাবারে মেলা দিন (অনেক দিন) ভালো তরকারি (মাছ-গোস্ত) দিয়া ভাত খাই না। কচুঘেঁচু আর শাকপাতা দিয়া ভাত খাং (খাই)। টাকা খরচ করিবার পাই না বলিয়া মোর (আমার) বয়স্ক ভাতা পাই নাই বাহে।’
জাহেদার স্বামী হাছন আলী অনেক আগেই মারা গেছেন। চার সন্তান থাকলেও কেউ তাঁর খোঁজ নেন না। তিনি বলেন, ‘একসময় বড় (ভালো) সংসার থাকলেও তিস্তার করালগ্রাসে হামরা (আমরা) এলা (এখন) গরিব। বয়স হইছে, কোন দিন মরি যাং (যাই)। হামরা (আমরা) কার্ড না পাইলে কায় (কে) পাইবে বাহে? কিন্তুক হামরা তাক পাইনুনা (পেলাম না), তাই ভিখ (ভিক্ষা) করি বাঁচি।’
মহিষখোচাইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী বলেন, ‘সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যের মাধ্যমে এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস পর্যন্ত এ তিন ভিক্ষুক বেঁচে থাকলে তাঁরা যাতে বয়স্ক ভাতা কার্ড বা অন্য সহায়তা কার্ড পান, সে দিকে নজর থাকবে।’
ইউএনও আবদুল্লাহ আল খায়রুম বলেন, ‘ওই তিনজন ভিক্ষুকের বয়স্ক ভাতার কার্ড না পাওয়ার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে মহিষখোচা ইউপি চেয়ারম্যানকে বলব।’