বয়স্ক ভাতা ওঠাতে যত ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঝেতে বসে আছেন শতাধিক নারী-পুরুষ। বসার জায়গা পাননি অনেকে, দাঁড়িয়ে আছেন। তাঁরা সবাই ব্যাংকে বয়স্ক ভাতা নিতে এসেছেন। তাঁদের নজর সামনের একটি লম্বা টেবিলের দিকে। সেখানে তিন ব্যাংককর্মী লেখালেখিতে ব্যস্ত। একজন সিলমোহর দিচ্ছেন। ৬ মার্চের এ দৃশ্য যশোরের অভয়নগর উপজেলার সোনালী ব্যাংকের নওয়াপাড়া শাখার।
উপজেলার শুভরাড়া ইউনিয়নের ওই মানুষগুলো এসেছিলেন বয়স্ক ভাতা নিতে। সকাল ১০টার আগেই তাঁরা ব্যাংকে হাজির হয়েছিলেন। দুপুরের পর তাঁরা ভাতা নিয়ে বাড়ি ফিরেছেন।
৬ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যাংকটিতে অবস্থান করে দেখা যায়, ভাতা নেওয়ার জন্য শাখার ভেতরে এক পাশে বয়স্ক নারী-পুরুষের ভিড়। তাঁদের সবাই তাকিয়ে আছেন সামনের টেবিলটির দিকে। চেয়ারে বসে ভাতা-সংশ্লিষ্ট বইয়ে লিখছেন তিনজন। তাঁদের মধ্যে আছেন ব্যাংকটির বার্তাবাহক (ম্যাসেঞ্জার) এনায়েত হোসেন, নিরাপত্তাকর্মী (আনসার) মোজাফফর হোসেন ও মো. রতন মিয়া। তাঁদের পাশে বসে বইয়ে সিল দিচ্ছেন শুভরাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম।
উপজেলার হিদিয়া গ্রামের আনছার আলী খার ভাগ্য ভালো। তিনি বসার জন্য একটি চেয়ার পেয়েছেন। বেলা সাড়ে ১১টার সময় তিনি বলেন, ‘সকাল ৯টায় ব্যাংকের সামনে আইছি। ১০টায় ব্যাংক খুলেছে। ভাতার বই জমা দিয়ে ১০টা থেকে এই চিয়ারে বসে আছি। এখনো পর্যন্ত টাকা পাইনি।’ একই গ্রামের জোহরা খাতুন (৭৫) বলেন, ‘বসে থাকতি থাকতি মাজা লাগে যাচ্ছে। টাকা পাতি পাতি দুপুর হয়ে যাবেনে।’
গোপীনাথপুর গ্রামের আবুল ফজল (৯৫) বলেন, ‘শরীরটা খুব ভালো না। তারপরও তিন মাস পর ভাতা নিতি আইছি। কখন টাকা দেবে উনারাই জানেন।’ একই গ্রামের ফাতেমা বেগম (৮০) বলেন, ‘সকালে আসে বসে আছি। দুপুর হয়ে গেল, এহনো টাহা পাইনি। টাহা নিয়ে বাড়ি যাতি যাতি রাত হয়ে যাবে।’
ব্যাংকের বার্তাবাহক এনায়েত হোসেন বলেন, ‘আজ (৬ মার্চ) শুভরাড়া ইউনিয়নের চারটি ওয়ার্ডের প্রায় সাড়ে তিন শ লোককে বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে। বইয়ে টাকা ওঠানো, স্বাক্ষর করা, সিল মারা এবং টাকা দেওয়া আমার একার জন্য অত্যন্ত কঠিন কাজ। ব্যাংকের দুজন আনসার সদস্য এবং একজন ইউপি সদস্য আমাকে সাহায্য করছেন।’
মোজাফফর হোসেন বলেন, ‘বয়স্ক মানুষগুলোর কথা ভেবে আমরা উনাকে একটু সাহায্য করছি।’ রফিকুল ইসলাম বলেন, ‘এখানে অনেক কাজ। কিন্তু লোক নেই। এই জন্য আমি ভাতার বইতে সিল মেরে দিচ্ছি।’
ওই দিন বেলা সোয়া তিনটায় শাখা ব্যবস্থাপক কাজী মো. বদরুজ্জামান বলেন, ‘বিকেল পাঁচটা পর্যন্ত বয়স্ক ভাতা দেব। ভাতা দেওয়ার সময় উপজেলা সমাজসেবা অফিসের একজন কর্মচারী উপস্থিত থাকেন। আজ (৬ মার্চ) তিনি উপস্থিত নেই। এ কারণে একটু বেশি সময় লাগছে। বয়স্ক মানুষগুলোর কষ্ট হচ্ছে।’ তিনি আরও বলেন, ব্যাংকের এই শাখায় প্রচুর কাজ। লোকবল মাত্র ১৫ জন। এত কম লোকবল দিয়ে কাজ সামাল দেওয়া খুব কঠিন। তা ছাড়া মাসের প্রথম সপ্তাহে পেনশন ও চালানের চাপ থাকে। বয়স্ক ভাতা যোগ হলে চাপটা অনেক বেড়ে যায়।