বয়স্ক ভাতা দানখয়রাত নয়, অধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স্ক নাগরিকদের ভাতা দেওয়ার বিষয়টি দানখয়রাত হিসেবে না দেখে তাঁদের অধিকার হিসেবে দেখা উচিত। বয়স্ক ব্যক্তিদের কাছে যাতে সহজে ভাতা পৌঁছে দেওয়া যায়, সে জন্য মোবাইল ব্যাংকিংয়ের সাহায্য নেওয়া যেতে পারে। বয়স্ক ভাতা যাতে সঠিক ব্যক্তির কাছে পৌঁছায়, এ ব্যাপারে সঠিক নজরদারি বজায় রাখতে হবে। এ ছাড়া বয়স্ক ব্যক্তিদের সংগঠিত করে তাঁদের অধিকার সম্পর্কে সচেতন করার মাধ্যমে বৈষম্য কমানো সম্ভব।

প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে আমন্ত্রিত অতিথিরা। ছবি: আবদুস সালাম
প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে আমন্ত্রিত অতিথিরা। ছবি: আবদুস সালাম

আজ রোববার ‘বয়স্ক ভাতা কর্মসূচি বিষয়ে মাঠপর্যায়ের পর্যবেক্ষণ এবং সুপারিশ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। প্রথম আলোর উদ্যোগে, ডিএফআইডি-বাংলাদেশের সহায়তায় এবং জাতীয় সামাজিক সুরক্ষা ও মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত এ গোলটেবিল অনুষ্ঠিত হয় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে। বৈঠকের শুরুতে সূচনা বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।

গোলটেবিল অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. হাবিবে মিল্লাত বক্তাদের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, ‘কিছু কিছু অনিয়ম সারা বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে ঘটছে। সেসব অনিয়ম আমরা বন্ধ করতে চাই। অনিয়ম মুক্ত হতে পারব আমরা, কিন্তু কবে নাগাদ হতে পারব, এটা আমি সত্যিকার অর্থেই জানি না। বিশেষ করে এই সমাজে সেটা সম্ভব কি না।’

মো. হাবিবে মিল্লাত বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের অবশ্যই এ কাজের সঙ্গে সম্পৃক্ত করা হয়। কিন্তু তারপরও যে সঠিক লোকটি ভাতা পাচ্ছেন, তা তিনি অনেকাংশেই বিশ্বাস করেন না। অনেকে আবার নিজেদের লোককে ভাতা দেওয়ার চেষ্টা করেন। এর ফলে যা ঘটছে, চাহিদা অনেক আছে কিন্তু সে হারে জোগান নেই। বাজেটে শুধু এ বিষয়ে প্রাধান্য দিলে হবে না, আরও হাজারো সমস্যা আছে, এসব দেখতে হয়।

অনুষ্ঠানের বিশেষ অতিথি সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবির বলেন, ‘আমাদের বয়স্ক ভাতার বেষ্টনী আজকে ৩৫ লাখে উন্নীত হয়েছে। এ বছরের বাজেটে ২ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এখন বয়স্ক ভাতা প্রদান পদ্ধতিটি সম্পূর্ণভাবে আধুনিকায়ন হচ্ছে। বয়স্ক ব্যক্তিদের নির্বাচন করা থেকে টাকা হাতে পৌঁছানো পর্যন্ত প্রক্রিয়াটি আধুনিকায়ন করে ফেলছি। এর মধ্যে এ প্রক্রিয়ার যাত্রা শুরু হয়ে গেছে।’
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা বয়স্ক ভাতার প্রকল্পটি খুবই ভালোভাবে গ্রহণ করেছেন। এটা বয়স্ক ভাতা সরকারের বিশাল একটি উদ্যোগ এবং এটা যদি ভালো করে ব্যবস্থাপনা করা যায়, তাহলে সরকারেরই লাভ। কারণ, তারা যখন বাজেটের এত বড় অংশ এখানে ব্যয় করছে, অবশ্যই সরকারের ইচ্ছা যে এটা ভালো করে ব্যবস্থাপনা হোক।
বয়স্ক ভাতার ওপরে গোলটেবিল আলোচনার সুপারিশগুলো প্রধান অতিথি মো. হাবিবে মিল্লাত সংসদীয় স্থায়ী কমিটির কাছে তুলে ধরতে চাওয়ায় তাঁকে ধন্যবাদ জানান শাহীন আনাম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, ‘সেলফ সিলেকশন ইজ দ্য বেস্ট সিলেকশন। সুতরাং আমি মনে করি যে একটি ম্যানুয়াল চালু করুক সমাজসেবা অধিদপ্তর। সেখানে বলে দিক, এখানে অন্তত কীভাবে স্টেপ নিতে হবে। এ ছাড়া যাঁরা বয়স্ক ভাতা পাওয়ার যোগ্য, তাঁরা নিজেরা নির্বাচন করবেন কে ভাতা নেবেন।’ এম এম আকাশ বলেন, ‘দুটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ। একটি হলো সিলেকশনের জায়গাটা কোথায়। ন্যাচারালি ওয়ার্ড। ওয়ার্ডে কোন টাইমে, কখন মিটিংটা ডাকবেন? যে টাইমে সবাই আসতে পারেন। ওই ওয়ার্ডের যাঁরা সবাই নিজেকে ফিজিবল বলে মনে করেন। ওখানে প্রথমেই আইডি কার্ড দিয়ে স্ক্রিনিং করা যেতে পারে। বয়সের ভিত্তিতেও করা যতে পারে।’

অধ্যাপক এম এম আকাশ বলেন, সরকার ভলান্টারি পেনশন স্কিম তৈরি করতে পারে। এখন থেকে যারা যুবক আছে, ছাত্র আছে তারা তো বৃদ্ধ হবে। তাদের চাকরির সময় আয়ের ১০ শতাংশ সরকার কেটে রাখবে। পরে অবসরের সময় একটি ম্যাচিং ফান্ডের মাধ্যমে সেই টাকা তিনি ফেরত পাবেন। এটা শুরু করা কোনো ব্যাপার না। আর ব্যাংকের মাধ্যমে, অ্যাকাউন্টের মাধ্যমে বা ইউনিয়ন কাউন্সিলের মাধ্যমে টাকা দেওয়া ঝামেলা। মোবাইলের মাধ্যমে টাকা পাঠালে এই ঝামেলা থাকবে না।

গোলটেবিল বৈঠকের প্রধান অতিথি সংসদ সদস্য মো. হাবিবে মিল্লাত। ছবি: আবদুস সালাম
গোলটেবিল বৈঠকের প্রধান অতিথি সংসদ সদস্য মো. হাবিবে মিল্লাত। ছবি: আবদুস সালাম

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. আশফাকুল আমিন মুকুট বলেন, বয়স্ক ভাতার সমস্যা সমাধানে শুধু সামাজিক-সুরক্ষা দিয়ে হবে না। এটা আরও অনেক বড় মানসিক বিষয় আছে, সামাজিক-সাংস্কৃতিক বিষয় আছে। সেগুলো আরও বিস্তারিতভাবে দেখতে হবে।
জাতীয় সামাজিক সুরক্ষা ফোরামের নির্বাহী পরিচালক রাবেয়া সুলতানা বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে ৮০ শতাংশ সংসদ সদস্য প্রবীণ। কিন্তু তাঁরা যখন ভেতর (সংসদে) যান, তখন তাঁরা বয়সটি ভুলে যান। এখন যদিও একটু পরিবর্তন হচ্ছে। তিনি বলেন, এখন গড় আয়ু বাড়ছে। তাই বয়স্ক ভাতার বিষয়টি ৬০ বা ৬২ না, ৭০ বছরের ওপরে কী করা যায় তা নিয়ে চিন্তা করতে হবে। এ ছাড়া যাঁরা বয়স্ক এবং চলাফেরা করতে পারেন না বা পঙ্গু—এমন বয়স্ক ব্যক্তিদের জন্য বয়স্ক ভাতা আরও সহজলভ্য করতে হবে। বয়স্ক যৌনকর্মীরা বয়সের কারণে কাজ করতে পারেন না, তাই তাঁদেরও বয়স্ক ভাতার আওতায় আনার সুপারিশ করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় সামাজিক সুরক্ষা ফোরামের সদস্য আলাউদ্দিন খান, রেজাউল করিম চৌধুরী, মহসিন আলী, রিকের নির্বাহী পরিচালক আবুল হাসিব খান, বিআইডিএসের জ্যেষ্ঠ রিসার্চ ফেলো মঞ্জুর হোসেন, এসপিএফএম এসপি প্রকল্পের দল প্রধান সিদ্দিকুর রহমান চৌধুরী এবং বিআইডিএসের সাবেক গবেষক শরীফা বেগম।