বয়স্ক ভাতা নেওয়া হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের মুলবাড়ি গ্রামের ৭০ বছরের বৃদ্ধ আমির হোসেন। গতকাল বুধবার সকালে বয়স্ক ভাতার টাকা তুলতে তিনি উপজেলা সমাজসেবা কার্যালয়ে আসেন। বয়স্ক ভাতার টাকা নিয়ে বাড়ি ফেরা হয়নি তাঁর। ব্যাংক কর্তৃপক্ষের গড়িমসির কারণে দীর্ঘ অপেক্ষার পর অসুস্থ হয়ে সমাজসেবা কার্যালয়ের সামনেই তাঁর মৃত্যু হয়। সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, উপজেলার সন্ধানপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ২৩৭ জনের মধ্যে বয়স্ক ভাতা বিতরণের নির্ধারিত তারিখ ছিল গতকাল। টাকা বিতরণের দায়িত্ব ছিল জনতা ব্যাংক ঘাটাইল শাখার। সন্ধানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, সকালে না খেয়ে আমির হোসেন প্রতিবেশী জমশের মিয়ার সঙ্গে ভাতা নিতে আসেন। তাঁর বই নম্বর ৭৯৪। ভাতাভোগীরা সকাল নয়টার মধ্যে সমাজসেবা অফিসের সামনে এসে উপস্থিত হন। ব্যাংক কর্তৃপক্ষের গাফিলতির কারণে ভাতা বিতরণ শুরু করতে বেলা দুইটা বেজে যায়। এর মধ্যে অভুক্ত আমির হোসেন অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই বিকেল চারটায় সমাজসেবা কার্যালয়ের সামনে তাঁর মৃত্যু হয়।এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহজাহান জানান, ব্যাংক কর্তৃপক্ষের গাফিলতির কারণে এ ঘটনা ঘটেছে।