বয়স্ক ভাতা পাওয়ার তালিকায় নাম উঠল ১০৬ বছরের বৃদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আছিয়া খাতুন। ছবি: প্রথম আলো
আছিয়া খাতুন। ছবি: প্রথম আলো

প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর বয়স্ক ভাতা পাওয়ার তালিকায় ১০৬ বছরের বৃদ্ধা আছিয়া খাতুনের নাম অন্তর্ভুক্ত হয়েছে। মঙ্গলবার বিকেলের দিকে তাঁর বাড়িতে গিয়ে বয়স্ক ভাতার বইটি দেন হাটহাজারী উপজেলার সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন খন্দকার।

আছিয়া খাতুনের বাড়ি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাহমুদাবাদ এলাকায়। জাতীয় পরিচয়পত্র অনুসারে তাঁর জন্ম তারিখ ১২ এপ্রিল ১৯১২। বয়স ১০৬ বছর হলেও আছিয়া খাতুনের নাম বয়স্ক ভাতার তালিকায় ছিল না। এ নিয়ে ‘১০৬ বছর বয়সেও জোটেনি বয়স্ক ভাতা!’ শিরোনামে প্রথম আলো অনলাইনে গতকাল একটি সংবাদ প্রকাশিত হয়।

সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন খন্দকার প্রথম আলোকে বলেন, প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হওয়ার পর হাটহাজারীর ওই বৃদ্ধাকে ২৪ ঘণ্টার মধ্যে তালিকাভুক্ত করে তাঁর হাতে বয়স্ক ভাতার বই তুলে দেওয়ার নির্দেশ দেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী নুরুল কবির। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে স্থানীয় ওয়ার্ড সদস্য মো. বেলাল উদ্দীন চৌধুরীর উপস্থিতিতে বয়স্ক ভাতার বইটি আছিয়া খাতুনের হাতে তুলে দেওয়া হয়। এ সময় আছিয়ার ছেলে মোহাম্মদ হারুনও উপস্থিত ছিলেন।

বৃদ্ধার ছেলে মোহাম্মদ হারুন বলেন, ‘প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর আমার মাকে সমাজসেবা অধিদপ্তর বয়স্ক ভাতা পাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়।’ এ সময় প্রথম আলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার উননেছা শিউলী প্রথম আলোকে বলেন, সংবাদ প্রকাশের পর পরই আছিয়া খাতুনকে বয়স্ক ভাতার আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছিল। মঙ্গলবার তা হস্তান্তর করা হয়েছে।