বয়স্ক ভাতা বৃত্তান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমরুন নেছার বয়স ৮৫ বছর। নিঃসন্তান এ বৃদ্ধা গঙ্গাপুর গ্রামের বিভিন্ন বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। বয়স হয়েছে, তাই এখন কাজ করতে পারেন না। আশ্রয় নিয়েছেন পাশের ভাইপোর বাড়িতে। অসহায় এ বৃদ্ধা এখনো বিধবা ভাতা পাননি। বারবার স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের কাছে ধরনা দিয়েও বয়স্ক ভাতা পাচ্ছেন না তিনি।সমরুন নেছা না পেলেও বয়স্ক ভাতা পাচ্ছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার একই গ্রামের মস্তকিন আলী। তাঁর দুই ছেলে ব্রিটেন প্রবাসী। ছয়-সাত মাস আগে কোটি টাকা খরচ করে গ্রামে একটি অত্যাধুনিক বাড়ি নির্মাণ করেছেন; প্রচুর ভূসম্পত্তির মালিক তিনি। বাড়ির সামনে রয়েছে একটি মুদির দোকান। তার পরও তিনি বয়স্ক ভাতা পান। কারণ তিনি ইউপি সদস্য মো. তোতা মিয়ার আত্মীয় (বোনের জামাই)। ওই ইউপি সদস্যের বিরুদ্ধে নিজের পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনকে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি বয়স্ক ভাতার প্রাথমিক বাছাই কমিটির সভাপতি।সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ১ নম্বর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. তোতা মিয়া তাঁর স্ত্রী আত্তরুন নেছা (বহি নং ১৮৪৯), শ্যালক জালাল উদ্দিন (বহি নং ১৪১৪), ভাই তেরা মিয়া (বহি নং ৪৮৪), চাচাতো ভাই পাখি মিয়া (বহি নং ১৭৭৪), বোনের জামাই মস্তকিন আলীকে (বহি নং ১৪২৩) বয়স্ক ভাতার ব্যবস্থা করে দিয়েছেন। অথচ বয়স্ক ভাতা পাওয়ার অন্যতম শর্ত হলো ৬৫ বছরের বেশি বয়সী, শারীরিকভাবে অক্ষম, প্রবীণ নারী ও পুরুষকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তালাকপ্রাপ্তা, স্বামী পরিত্যক্তা, বিপত্নীক, নিঃসন্তান, পরিবার থেকে বিচ্ছিন্ন প্রবীণ নারীরা এ ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আজাদ মিয়া বলেন, ‘গেরামর গরিব মানুষরে বাদ দিয়া তোতা মেম্বার পরিবারর হক্কলরে ভাতা দিলাইলা, ইতা কেউ দেখলানানি?’বৃদ্ধা সমরুন নেছা সজল চোখে বলেন, ‘মরার সময় অই গেছে। কিন্তু ভাতা পাওয়ার সময় অইছে না। কত দিন মেম্বাররে কইলাম ভাতার কথা। দিমু দিমু কইয়া দেয় না। মরার আগে কিতা আমি ভাতা পাইতাম নায়নি?’ একই গ্রামের বৃদ্ধা সনতেরা বিবি (৭৫), কন্টরি বিবিও (৮০) বয়স্ক ভাতা পাননি বলে হতাশা ব্যক্ত করেন। গঙ্গাপুর গ্রামের যুবক জয়নাল আবেদীন বলেন, তোতা মেম্বারের আত্মীয়স্বজনের সবাই সচ্ছল। তার পরও তিনি তাঁর পরিবার-পরিজনকে বয়স্ক ভাতার তালিকায় অন্তর্ভুক্ত করেছেন।বিত্তশালী হয়েও কেন বয়স্ক ভাতা নিলেন, এমন প্রশ্নের জবাবে মস্তকিন আলী বলেন, ‘মেম্বার আমার সম্বন্ধী। তাইন নাম দিছইন। এর লাগি ভাতা পাইলাম। সরকারি টেকা। এর লাগি কার কিতা অইল?’ অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ইউপি সদস্য মো. তোতা মিয়া উত্তেজিত হয়ে ওঠেন। তিনি বলেন, ‘পরিবারের লোকজনকে ভাতা দিয়েছি তো কী হয়েছে? আমি তো বয়স্ক ভাতা নিইনি। লোকে বলে আমারও বয়স্ক ভাতা নেওয়া উচিত ছিল।’ফেঞ্চুগঞ্জ ১ নম্বর ইউপির চেয়ারম্যান জাহিরুল ইসলাম বলেন, বয়স্ক ভাতার প্রাথমিক তালিকা প্রণয়নে চেয়ারম্যানদের কোনো ভূমিকা নেই। এখানে ইউপি সদস্যদের প্রাথমিক বাছাই কমিটির সভাপতি করা হয়েছে। ফেঞ্চুগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হক ইউপি সদস্য তোতা মিয়ার পরিবারের সদস্যদের বয়স্ক ভাতা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।উপজেলার বয়স্ক ভাতা তালিকার যাচাই-বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ হামিম হাসান বলেন, অনিয়মের ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।