বয়স্ক ভাতার অপেক্ষায় দৃষ্টিহীন নবতিপর আছিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নব্বই বছর বয়স তাঁর। চোখে আলো নেই। তবু তিনি দিন গুনছেন—কবে হবে তাঁর বয়স্ক ভাতার একটি কার্ড। হবে নিজের খয়খরচার উপায়। এই নবতিপর মানুষটির নাম আছিয়া বেওয়া (৯০)। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের আলম চাঁদপুর গ্রামে তাঁর বাস। তিনি শুনেছেন, সরকার থেকে বয়স্ক ভাতার কার্ড দেওয়া হয়। কিন্তু এখনো সেই কার্ডের দেখা তিনি পাননি। তাঁর প্রশ্ন, আর কত বয়স হলে তিন পাবেন এই বয়স্ক ভাতার কার্ড? 


আজ বুধবার আলম চাঁদপুর গ্রামে গিয়ে জানা যায়, আছিয়ার স্বামী বর্গাচাষি করম আলী ১৮ বছর আগে মারা যান। এক ছেলে আর তিন মেয়েকে নিয়ে চলতে থাকে তাঁর সংসার। সম্বল বলতে মাথা গোঁজার শুধু বাড়িটুকুই আছে। স্বামী মারা যাওয়ার পর তাঁর চোখ ও কানের সমস্যা দেখা দেয়। অর্থের অভাবে চিকিৎসা হয়নি। এখন তিনি কিছুই দেখেন না। হারিয়েছেন শ্রবণশক্তিও। একমাত্র ছেলে আবদুল আজিজ দিনমজুর। বিয়ের পর তিন মেয়েও চলে গেছেন নিজ নিজ স্বামীর সংসারে। বর্তমানে দরিদ্র ছেলের সংসারের বোঝা হয়ে আছেন আছিয়া বেওয়া।

খুব কষ্টে আছিয়ার বেওয়া বলেন, কাজের জন্য ছেলে আর ছেলের বউ প্রতিদিনই ভোরে বের হয়। ছেলে দিনমজুর আর ছেলের বউ গ্রামের সড়কে মাটিকাটার কাজ করেন। সারা দিন বাড়িতে বোঝা হয়ে থাকেন। তিনি বলেন, ‘দুই নাতনি থাকলেও তারা স্কুলে যায়। দেখার কেউ নাই। চোখেও দেখি না, কানেও শুনি না।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘আমার বয়স ৯০ বছর। কিন্তু এখন পর্যন্ত বয়স্ক ভাতার কার্ড জোটেনি। জনপ্রতিনিধিদের কাছে বারবার বলেছি। তাঁরা দেননি।’

আছিয়া বেওয়ার ছেলের বউ রাশেদা বেগম বলেন, ‘পেটের দায়ে ছোট দুইটা মেয়ে আর শাশুড়িকে বাড়িতে রেখে দুজনই কাজে বের হই। কাজ শেষে বাড়ি এসে আবারও সংসারের কাজ করতে হয়। দুজনের মজুরি দিয়েই সংসার চলে।’
প্রতিবেশী আনজুমান আরা বেগম বলেন, দিনের বেলা বাড়িতে ছেলে আর ছেলের বউ থাকে না। আমরা যতটুকু পারি দেখার চেষ্টা করি। আছিয়ার ছেলে আবদুল আজিজ বলেন, ‘শুনি সরকার দুস্থ মানুষের জন্য অনেক কার্ডের ব্যবস্থা করেছে। কিন্তু চেয়ারম্যান-মেম্বারের কাছে ঘুরে ঘুরে এখনো একটি কার্ড পাইনি।’

উপজেলায় কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নিজেরা করির’ কর্মকর্তা রঞ্জিত হাদুয়া বলেন, আছিয়া বেগম বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা—দুটিই পাওয়ার যোগ্য। কিন্তু এখনো না পাওয়াটা দুঃখজনক।
এ বিষয়ে নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার সরকার বলেন, ‘আমার কাছে কেউ তাঁর বিষয়ে বলেনি। আপনাদের কাছে প্রথম শুনলাম। খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’