বয়স্ক ভাতার কার্ড পেলেন ফুলি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পৌর শহরের সওদাগরপাড়া এলাকার দরিদ্র সইরে ফুলি (৭০) বয়স্ক ভাতার কার্ড পেয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে কার্ড দেওয়া হয়। পাশাপাশি তাঁকে নগদ পাঁচ হাজার টাকা ও একটি হুইল চেয়ারও দেওয়া হয়েছে।
সওদাগরপাড়া এলাকার কয়েকজন বলেন, ১৩ বছর আগে সইরে ফুলির স্বামী আবুল মিয়া মারা যান। এলাকার মোকছেন আলী নামের এক ব্যক্তির জমিতে ছাপড়া নির্মাণ করে থাকেন ফুলি। ভিক্ষা করে যা জোটে, তা-ই দিয়ে চলেন।
১২ মার্চ প্রথম আলোতে ‘দরিদ্র জানবালা ও ফুলির কপালে জোটেনি কার্ড’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এটি বকশীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসান সিদ্দিকির নজরে আসে। তিনি গতকাল সকালে ফুলির হাতে বয়স্ক ভাতার কার্ড ও একটি হুইল চেয়ার দেন। গত সপ্তাহে ফুলিকে তিনি নগদ পাঁচ হাজার টাকাও দেন।
সইরে ফুলি গতকাল প্রথম আলোকে বলেন, ‘কত দিন ধরে কষ্ট করছি। কেউ দেখেনি। আপনাগর জন্য কপাল ফিরেছে।’
ইউএনও আবু হাসান সিদ্দিকি বলেন, ‘গণমাধ্যমে বিষয়টি প্রকাশ পাওয়ার পর জানতে পারি। তিনি অনেকটাই অসুস্থ। তাঁর চিকিৎসার ব্যবস্থাও করা হবে।’