বয়স্ক ভাতার কার্ডের জন্য টাকা নিলেন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাটিলা (পূর্ব) ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহরাব হোসেন মিয়াজীর বিরুদ্ধে বয়স্ক ভাতার কার্ডের জন্য ৫০০ টাকা করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার ইউনিয়ন পরিষদের কার্যালয়ে নতুন কার্ড বিতরণের সময় তিনি কার্ডধারী ৫৪ জনের কাছ থেকে এ টাকা নেন। টাকা না দেওয়ায় ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের ১০ জন ব্যক্তিকে কার্ড দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
হাটিলা (পূর্ব) ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৩-২০১৪ অর্থবছরে এ ইউনিয়নের ৬৪ জন ব্যক্তিকে বয়স্ক ভাতার তালিকায় নতুন করে অন্তর্ভুক্ত করা হয়। ভাতার টাকা তোলার জন্য গত শুক্রবার ইউপি কার্যালয়ে তাঁদের ব্যাংক হিসাব খোলা হয়। ওই দিনই তাঁদের মধ্যে কার্ড বিতরণ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক হাটিলা (পূর্ব) ইউপির কয়েকজন সদস্য অভিযোগ করেন, নতুন ৬৪ জন সদস্যের কাছ থেকে ইউপি চেয়ারম্যান ৫১০ টাকা কেটে রাখা শুরু করলে কয়েকজন ইউপি সদস্য প্রতিবাদ করেন। সুবিধাভোগীদের কাছ থেকে শুধু ব্যাংক হিসাব খোলার জন্য ১০ টাকা করে নেওয়ার নিয়ম রয়েছে। সেই জায়গায় ইউপি চেয়ারম্যান তাঁদের কাছ থেকে ৫০০ টাকা করে নিয়েছেন।
কয়েকজন নতুন কার্ডধারী অভিযোগ করেন, টাকা দিতে অস্বীকার করায় ইউপি চেয়ারম্যান তাঁদের কার্ড আটকে রেখেছিলেন। পরে ৫০০ টাকা করে দেওয়া হলে তাঁদের কার্ড দেওয়া হয়। হাটিলা (পূর্ব) ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ওমর ফারুক অভিযোগ করেন, ‘টাকা না দেওয়ায় আমার ওয়ার্ডের পাঁচজন ব্যক্তির হিসাব খুলে চেয়ারম্যান কার্ড রেখে দিয়েছেন।’
৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুকবুল হোসেন বলেন, ‘টাকা না নিয়ে যাওয়ায় আমার ওয়ার্ডের পাঁচজনকে কার্ড দেওয়া হয়নি। আজ (গতকাল) শনিবার তাঁদের টাকা দিয়ে চেয়ারম্যানের কাছ থেকে কার্ড নিতে বলা হয়েছে।’
ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন মিয়াজী তাঁদের কাছ থেকে ১০০ টাকা করে নিয়েছেন বলে স্বীকার করেন।
৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাসির হোসেন জানান, তাঁর ওয়ার্ডের পাঁচজনকে বয়স্কভাতার তালিকায় অর্ন্তভুক্ত করা হয়েছে। তিনি কারও কাছ থেকে টাকা নেননি। অন্যরা নিয়েছেন কি না তা তিনি জানেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউছার হোসেন জানান, এ ব্যাপারে তাঁর কাছে কেউ অভিযোগ করেনি। তিনি এ ব্যাপারে খোঁজ নেবেন।